
মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলায় মাদকবিরোধী এক প্রীতি ফুটবল খেলায় ‘আর্জেন্টিনা দলকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে জয়ী হয় ‘ব্রাজিল দল’। গতকাল মঙ্গলবার দুপুর একটায় উপজেলা সদরের মতলব সরকারি কলেজ মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। মতলব সরকারি কলেজ ও মতলব দক্ষিণ থানার পুলিশ যৌথভাবে খেলাটির আয়োজন করে।
মতলব সরকারি কলেজ মাঠে ‘চলো যাই খেলার মাঠে, আর নেব না মাদক হাতে’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল মঙ্গলবার দুপুর একটায় মাদকবিরোধী ফুটবল খেলা উদ্বোধন করেন মতলব সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম আজাদ ও মতলব দক্ষিণ থানার ওসি স্বপন কুমার আইচ।
এ সময় উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশের উপজেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিন খান, কলেজটির সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল কালাম আল আজাদ, স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক মু. জাকির হোসেন, কলেজটির জ্যেষ্ঠ প্রভাষক মো. মোশারেফ হোসেন, আইনুন্নাহার কাদরী, মো. মিজানুর রহমান, মো. কামাল হোসেন, শরীরচর্চা শিক্ষক শরিফুল করিম প্রমুখ।
নির্ধারিত ৬০ মিনিটে খেলাটি গোলশূন্য ড্র থাকে। পরে টাইব্রেকারে ব্রাজিল দল ৫-৩ গোলে আর্জেন্টিনা দলকে হারিয়ে জয়ী হয়। ব্রাজিল দলের ব্যানারে ওই কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থীরা এবং আর্জেন্টিনা দলের ব্যানারে দ্বাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন। খেলা পরিচালনা করেন মো. রণি এবং খেলার ধারাবিবরণী দেন প্রভাষক মো. মিজানুর রহমান ও মো. কামাল হোসেন।
খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন ওসি স্বপন কুমার আইচ ও উপজেলা আওয়ামী লীগের নেতা মো. মোফাজ্জল হোসেন। বিপুলসংখ্যক শিক্ষার্থী ও স্থানীয় দর্শক জমজমাট লড়াইয়ের ওই খেলা উপভোগ করেন।
