মতলব দক্ষিণে মাদক ব্যবসায়ীর মালামাল ক্রোক


দুই ব্যবসায়ীর আত্মসমর্পণ

মাহ্ফুজ মল্লিক
মতলব দক্ষিণে ১ মাদক ব্যবসায়ীর মালামাল ক্রোক করেছে পুলিশ এবং দুই মাদক ব্যবসায়ী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবালের নেতৃত্বে গতকাল মঙ্গলবার দুপুরে মতলব পৌরসভার পৈলপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী মো. ইমাম হোসেন কবিরাজের বাড়ির সব মালামাল ক্রোক করা হয়।
তদন্তকারী কর্মকর্তা এসআই বেলাল হোসেন বলেন, মাদক ব্যবসায়ী ইমাম হোসেন কবিরাজকে একাধিকবার সতর্ক করার পরও মাদক ব্যবসা বন্ধ না করায় আদালতের নির্দেশক্রমে গতকাল ওসির নেতৃত্বে অভিযান চালানো হয় এবং তার সব মালামাল ক্রোক করে থানায় নিয়ে আসা হয়। এ সময় স্থানীয় কাউন্সিলর মো. ইকবাল হোসেন পাটোয়ারী উপস্থিত ছিলেন।
মাদক ব্যবসায়ী ইমাম হোসেন কবিরাজের মালামাল ক্রোক করায় এলাকাবাসী থানার ওসিকে ধন্যবাদ জানান। মূল হোতাকে আটক করারও জোর দাবি জানান তারা।
অপরদিকে মতলব দক্ষিণের বিখ্যাত দুই মাদক ব্যবসায়ী মোবারকদী গ্রামের মো. সফিকুল ইসলাম ওরফে পাকিস্তানী সফিক ও কামাল শেখ আত্মসমর্পণ করেছে।
থানার অফিসার ইনচার্জ এ. কে. এম. এস ইকবাল বলেন, মাদক ব্যবসায়ী ইমাম হোসেনকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হয়েছে। তাকে না পাওয়ায় আদালতের নির্দেশে তার সকল মালামাল ক্রোক করা হয়। এদিকে আত্মসমর্পনকারী মাদক ব্যবসায়ী পাকিস্তানী সফিক ও কামাল শেখকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য থানা প্রশাসনের পক্ষ থেকে সব প্রকার সহায়তা প্রদান করা হবে।