মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন হাট-বাজারগুলোতে সরকার ঘোষিত লকডাউন অমান্য করায় ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সারাদেশে করোনা সংক্রমণ ব্যাপকহারে বৃদ্ধি ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। সরকারের নির্দেশ ও লকডাউন না মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় মতলব বাজারের সততা ব্রেড এন্ড বেকারীকে ৫ হাজার টাকা এবং নাগদা, ধনারপাড়, দগরপুর বাজারের ৫টি দোকানে ৩ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৭ এপ্রিল) উপজেলা প্রশাসন কর্তৃক দগরপুর বাজার, ধনারপাড় বাজার, নাগদা বাজার এবং মতলব বাজারের সততা বেকারিকে সরকারি আইন অমান্য করার দায়ে ও মহামারি করোনা ভাইরাস বিস্তার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত শারমিন। এসময় স্যানিটারী ইন্সপেক্টর জিএম খোরশেদ আলম ও মতলব দক্ষিণ থানার এসআই দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
১৮ এপ্রিল, ২০২১।
