চাঁদপুরে লকডাউন না মানায় ৮১ গাড়ি জব্দ

স্টাফ রিপোর্টার
লকডাউনের প্রথম দুই দিনে চাঁদপুর শহরের বিভিন্ন পুলিশ চেকপোস্টে সরকারি নির্দেশনা না মেনে যাত্রীবহণ করায় ৬৪টি ইজিবাইক, ৬টি ট্রাক, ৭টি সিএনজি, ৩টি মোটর বাইক ও ১টি অটোরিকশাসহ মোট ৮১টি গাড়ি জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) মো. জহিরুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।
বুধবার লকডাউনের প্রথম ভোর থেকে বৃহস্পতিবার বিকেলে পর্যন্ত শহরের বাবুরহাট, ওয়ারলেছ মোড়, সার্কিট হাউজ, ইলিশ চত্বর, স্টেডিয়াম রোড থেকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নির্দেশনায় ট্রাফিক পুলিশ এসব গাড়ি জব্দ করেন। বিকেলে সরেজমিন এসব জব্দকৃত গাড়ি চাঁদপুর স্টেডিয়াম মাঠে দীর্ঘ লাইন সারি সারি করে রাখতে দেখা গেছে।
টিআই মো. জহিরুল ইসলাম ভূঁইয়া বলেন, মূলত লকডাউন না মেনে যাত্রী বহন করায় শহরের বিভিন্ন চেকপোস্ট থেকে এসব গাড়ি জব্দ করা হয়েছে। তবে এদের ট্রাফিক আইনে জরিমানা করা হয়নি। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এ বিষয়ে জানেন। কয়েকদিন জব্দকৃত গাড়িগুলো আটক রাখার পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা হয়তোবা সতর্কতামূলক জরিমানা করে এসব গাড়ি ছেড়ে দেবার ব্যবস্থা করবেন।

১৮ এপ্রিল, ২০২১।