মতলব দক্ষিণে হাম ও রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অ্যাডভোকেসি সভা


মাহ্ফুজ মল্লিক
হাম ও রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২০ সম্পর্কে জনগণকে জানাতে গতকাল বুধবার সকালে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে প্রচার (অ্যাডভোকেসি) সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কাওছার হিমেলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) আহসান হাবীব, থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, মতলব প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন, সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, মেডিকেল অফিসার ডা. জয়া রানী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিন প্রমুখ।
হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন সম্পর্কে বক্তব্য রাখেন সভার সঞ্চালক আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজীব কিশোর বণিক।
সভায় বক্তারা বলেন, বর্তমান বিশ্বের সাথে বাংলাদেশের মানুষে মাঝে করোনাভাইরাস নিয়ে ব্যাপক আতঙ্ক রয়েছে। করোনাভাইরাসের উৎপত্তি বিদেশে এবং বাংলাদেশে এই রোগীর সন্ধান পাওয়া গেছে মাত্র ৩ জনের। কিন্তু করোনাভাইরাসের চেয়েও মারাত্মক সংক্রামক রোগ হলো হাম ও রুবেলা। এ দু’টি ভাইরাসজনিত রোগ, যা একজনের হাঁচি-কাশির মাধ্যমে তার সংস্পর্শে আসা অন্যদের মাঝে অতি দ্রুত ছড়ায়। শিশুদের পাশাপাশি যেকোন বয়সের মানুষের হাম ও রুবেলা হতে পারে।
বক্তারা আরো বলেন, ৯ মাস বয়স থেকে শুরু করে ১০ বছরের কমবয়সী সব শিশুদের হাম ও রুবেলা টিকা প্রদানের জন্য তিন সপ্তাহব্যাপী (১৮ মার্চ থেকে ১১ এপ্রিল) টিকাদান ক্যাম্পেই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যার মধ্যে প্রথম সপ্তাহে আগামি ১৮ থেকে ২৪ মার্চ দেশের যেসব শিক্ষা প্রতিষ্ঠানে ১০ বছরের কমবয়সী ছাত্র-ছাত্রী রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে (২৮ মার্চ থেকে ১১ এপ্রিল) নিয়মিত টিকাদান কেন্দ্রে হাম ও রুবেলার টিকা প্রদান করা হবে। ক্যাম্পেইন চলাকালীন সময়ে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত হাম ও রুবেলার ১ ডোজ টিকা দেয়া হবে।
সভায় হাম ও রুবেলা ক্যাম্পেইন সফল করতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইসলামী ফাউন্ডেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের অংশগ্রহণ এবং ব্যাপক প্রচার চালানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের কথা জানানো হয়।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী, মাঠকর্মী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।