মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলার ডিঙ্গাভাঙ্গা এলাকা থেকে মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গ্রেফতার হওয়া ওই দুই মাদক ব্যবসায়ী হলো পৌরসভার দক্ষিণ দিঘলদী গ্রামের মো. আবুল বাশার মিজির ছেলে মো. আবু সাঈদ ওরফে সাগর (২৭) ও উপজেলার ডিঙ্গাভাঙ্গা গ্রামের আ. মান্নান খানের ছেলে মো. খোরশেদ আলম খান (৩৫)।
থানা পুলিশ জানায়, চলামান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার দুপুরে গোপন ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে মতলব দক্ষিণ থানার এসআই মো. হাবিবুর রহমান ও এএসআই মো. ছগির হোসেন উপজেলার দক্ষিণ ডিঙ্গাভাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় এলাকার ঈদগাঁ বাজারের মানিকের দোকানের সামনে কাচা রাস্তার উপর চিহ্নিত মাদক ব্যবসায়ী সাগর ও খোরশেদকে দেখে পুলিশ সামনে অগ্রসর হলে তারা পালানোর উদ্দেশে দৌঁড় দেয়। পরে ওই জায়গা থেকে তাদের বিক্রির জন্য আনা ১৪ কেজির দুই বস্তা গাঁজা উদ্ধার করে তাদের গ্রেফতার করা হয়।
থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ও আটকদের আদালতে প্রেরণ করা হয়েছে।
২২ ডিসেম্বর, ২০২১।
