মতলব নওগাঁও আদর্শ বাজারে মুদি দোকানে চুরি

নিজস্ব প্রতিনিধি
মতলব দক্ষিণ উপজেলার উত্তর নওগাঁও আদর্শ বাজারে মো. কবির হোসেন ঢালীর মুদি দোকানে রাতের আধারে চুরির ঘটনা ঘটেছে। গত ২১ নভেম্বর গভীর রাতে কোন এক সময় চুরির এ ঘটনা ঘটায় সংঘবদ্ধ চোরের দল।
সরজমিনে জানা যায়, উপজেলার উত্তর নওগাঁও আদর্শ বাজারে গত প্রায় ৫ বছর যাবত মুদি দোকানের ব্যবসা করে আসছেন ওই এলাকার ঢালী বাড়ির মৃত লনু ঢালীর ছেলে মো. কবির হোসেন ঢালী। গত ২১ নভেম্বর রাত সাড়ে ১০টায় প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়ি চলে যায় সে। ওই দিন গভীর রাতে কোন এক সময় সংঘবদ্ধ চোরের দল তার দোকানে থাকা বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, কসমেটিকস, মুদি মালামাল, গ্যাস সিলিন্ডার, মোবাইল ফোনসহ যাবতীয় মালামাল নিয়ে যায় চোরের দল। এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিক কবির হোসেন।
কবির হোসেন ঢালী জানান, ঘটনার দিন রাত সাড়ে ১০টায় প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। পর দিন ভোরে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে আমার চাচা তোফাজ্জল হোসেন ঢালী দোকানের পকেট দরজা খোলা দেখে আমাকে জানায়। এরপর আমি দোকানে ঢুকে দেখতে পাই দোকানে থাকা, বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, মুদি মালামাল, গ্যাস সিলিন্ডার, মোবাইল ফোন, ডিজিটাল (পাল্লা) মিটারসহ যাবতীয় কসমেটিকস্ মালামাল নিয়ে যায় চোরের দল। এতে আমার প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ব্যাপারে মতলব দক্ষিণ থানায় অভিযোগ করা হবে বলে জানান কবির হোসেন।