জনগণের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন
….বিভাগীয় কমিশনার এবিএম আজাদ
মাহফুজ মল্লিক
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেছেন, জনগণের দেয়া অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। গত মঙ্গলবার (২৩ মার্চ) দুপুর বারোটায় চট্টগ্রাম সার্কিট হাউসে মতলব পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার এ কথা বলেন।
তিনি আরো বলেন, জনগণ আপনাদের নির্বাচিত করে যে আমানত রেখেছে তা সুরক্ষা করা প্রত্যেক জনপ্রতিনিধি নৈতিক দায়িত্ব। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সরকারের উন্নয়নমূলক কাজ করবেন। মনে রাখতে হবে জনগণ আপনাকে ৫ বছরের জন্য এলাকার গরিব থেকে শুরু করে বিত্তবানদের সেবামূলক কাজ করার জন্য নির্বাচিত করেছেন। এ ৫ বছরের কর্মকাণ্ডই আপনাকে আগামিদিনে এগিয়ে নিবে। তাই নিজের এবং পরিবারের ও আত্মীয়-স্বজনদের স্বার্থের চেয়ে এলাকার গরিব ও অসহায় মানুষের জন্য নিঃস্বার্থে কাজ করবেন।
শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপ-পরিচালক মো. দেলোয়ার হোসেন। শপথগ্রহণ অনুষ্ঠানে মতলব পৌরসভা, শাহরাস্তি পৌরসভাসহ আরো ৬টি পৌরসভা এবং একটি উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ।
শপথগ্রহণ করা মতলব পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা হলেন- মেয়র আলহাজ মো. আওলাদ হোসেন লিটন। সংরক্ষিত ১, ২ ও ৩নং ওয়ার্ডে মরিয়ম ইসলাম শিখা, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে জেহরা খাতুন এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে মাইরিন সুলতানা। সাধারণ ওয়ার্ড ১নং আবুল বাশার পারভেজ মিয়াজী, ২নং ওয়ার্ডে মুক্তিযোদ্ধা লিয়াকত আলী সরকার, ৩নং ওয়ার্ডে মো. সারোয়ার সরকার লিখন, ৪নং ওয়ার্ডে আনিছুর রহমান আনু, ৫নং ওয়ার্ডে মো. ওয়াজ উদ্দিন প্রধান, ৬নং ওয়ার্ডে মো. সাইফুল ইসলাম মোহন, ৭নং ওয়ার্ডে পিন্টু সাহা, ৮নং ওয়ার্ডে মামুন চৌধুরী বুলবুল ও ৯নং ওয়ার্ডে মো. আব্দুল হাই বকাউল।
২৫ মার্চ, ২০২১।
