মতলব দক্ষিণ ব্যুরো
জেলা প্রশাসক কামরুল হাসান বলেছেন, সরকারের সব উন্নয়ন কর্মকাণ্ডে জনপ্রতিনিধিদের ভূমিকা সবচেয়ে বেশি। জনগণের সেবার মাধ্যমেই জনপ্রিয়তা অর্জন করা সম্ভব। তাই জনগণ যাতে সেবা পায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। পৌরসভায় সেবা নিতে আসা মানুষ যাতে দুর্ভোগের শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সরকারের প্রতিটি উন্নয়ন কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এজন্য প্রত্যেক জনপ্রতিনিধিকে সচেতন থাকতে হবে। এসময় তিনি পৌরসভার সব কার্যক্রমের খোঁজ-খবর নেন এবং পৌরসভার কার্যক্রমের প্রশংসা করেন।
গতকাল সোমবার মতলব পৌরসভা পরিদর্শনকালে মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময়কালে তিনি এসব কথাগুলো বলেন।
মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস, সহকারী কমিশনার (ভূমি) তাছনিন আক্তার, পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়া, পৌরসভার প্রকৌশলী আমজাদ হোসেন, পৌরসভার প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুল, কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন, কাউন্সিলর মো. ওয়াজ উদ্দিন, কাউন্সিলর পিন্টু সাহা, কাউন্সিলর আব্দুল হাই, মহিলা কাউন্সিলর মরিয়াম আক্তার শিখা ও মহিলা কাউন্সিলর জোহরা আক্তারসহ পৌরসভার কাউন্সিলরসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
জেলা প্রশাসক কামরুল হাসান মতলব পৌরসভা কার্যালয়ে পৌঁছলে পৌরসভার পক্ষ থেকে তাঁকে পৌর মেয়র আওলাদ হোসেন লিটনসহ কাউন্সিলররা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
১৬ মে, ২০২৩।
