মতলব ব্যুরো
মতলব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজি আব্দুল লতিফ গত ৯ ডিসেম্বর তাবলীগের চিল্লায় দাওয়াতে থাকা অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নাল্লিল্লাহি………রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৭০ বছর। তার জানাজা গত ১০ ডিসেম্বর সকাল ১০টায় মতলব বাজার শাহী জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
নামাজপূর্ব স্মরণসভায় বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচ এম কবির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী, মতলব বাজার বনিক ও জনকল্যান সমিতির সভাপতি আলহাজ নাসির উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ফারুক-বিন-জামান, আওয়ামী লীগ নেতা আবুল কালাম মিয়াজী, মতলব বাজার শাহী জামে মসজিদে সেক্রেটারি আলহাজ শহীদ উল্ল্যাহ মজুমদার, মতলব পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর পারভেজ মিয়াজী, মরহুমের ছোট ভাই আলহাজ আব্দুর রব, মরহুমের বড় ছেলে রিয়াদ। পরিচালনা করেন মতলব পৌরসভার সাবেক প্যানেল মেয়র শাহ গিয়াস। জানাজায় ইমামতি করেন মতলব বাজার শাহী জামে মসজিদের খতিব আলহাজ মাও. কবির আহমেদ।
এসময় নামাজে এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মতলব বাজারের ব্যবসায়ীসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। পরে তাকে মতলব পৌরসভার ঢাকিরগাঁও রিয়াজুল জান্নাত কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, হাজি আব্দুল লতিফের বাড়ি মতলব পৌরসভার দক্ষিণ বাইশপুর এলাকায়। তিনি মতলব বাজারে সার, কীটনাশক, চাউলসহ বিভিন্ন পণ্যের ব্যবসা করতেন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথেও জড়িত ছিলেন।
তিনি ছাত্র জীবন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন। মতলবে কমিউনিটি পুলিশিংয়ের প্রতিষ্ঠাকালিন সময় থেকে জড়িত ছিলেন এবং মতলব পৌরসভার ১নং ওয়ার্ডে সভাপতিসহ উপজেলা কমিটিতে সহ-সভাপতি ছিলেন। এছাড়া মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন এবং বিভিন্ন মসজিদ মাদ্রাসার সাথে জড়িত ছিলেন তিনি। তার ৪র্থ ভাই সাগর মিয়া উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি এবং সর্বকনিষ্ঠ ভাই বাবর মিয়া মতলব পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি।
১৩ ডিসেম্বর, ২০২১।
