মাহফুজ মল্লিক
মতলব বাজার এলাকায় করোনা ভাইরাস সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি পালন বিষয়ে অভিযান পরিচালনা করা হয়। বুধবার (১৯ জুন) দুপুরে মাস্ক না পরা, সামাজিক দূরত্ব বজায় না রাখা ও সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ৬ জনকে ১০ হাজার ৫শ’ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।
জানা যায়, ওই দিন মতলব বাজার ও আশপাশের এলাকায় স্বাস্থ্যবিধি কার্যকর (মাস্ক ব্যবহার) নিশ্চিত করার লক্ষ্যে অভিযান পরিচালিত হয়। এ সময় সামাজিক দূরত্ব বজায় না রাখা ও সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতে ৬টি মামলায় ক্রেতা-বিক্রেতাসহ ছয় জনকে ১০ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমিন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মো. মুবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, স্যানিটারী ইন্সপেক্টর গাজী মো. খোরশেদ আলমসহ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে আমাদের যথাসম্ভব ঘরে থাকতে হবে। ঘর থেকে বের হলে মাস্ক পড়াসহ সব স্বাস্থ্যবিধি মানা জরুরি। আজ মাস্ক না পরা, সামাজিক দূরত্ব বজায় না রাখাসহ সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ৬ জনকে জরিমানা করা হয়েছে।
১০ জুন, ২০২০।
