স্টাফ রিপোর্টার
মাদকসহ বিভিন্ন অপকর্মের নিরাপদস্থান চাঁদপুর শহরের করিম পাটওয়ারী সড়কের জেলা ও দায়রা জজ বাসভবনের বিপরীত পাশে প্রীতম জেন্টস পার্লার। এখানে মাদক বিক্রেতাদের আনাগোনা বেশি লক্ষ্য করা যায়। সম্প্রতি এক অভিযানে এই সেলুনের দোতলা থেকে মাদকদ্রব্যসহ দু’জনকে আটক করা হয়। ফলে প্রীতম জেন্টস পার্লারের প্রতি নজরদারী করার আহ্বান সচেতন মহলের।
জানা যায়, জেলা ও দায়রা জজ বাসভবনের বিপরীত পাশে ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ের পাশে প্রীতম জেন্টস পার্লারটি। অনেক বছর আগে বিল্ডিংয়ের নিচতলায় পার্লারটি চালু করে। দ্বিতীয় তলায় ছিলো একটি ডায়াগনস্টিক সেন্টার। বর্তমানে নিচতলার পাশাপাশি দ্বিতীয় তলায় প্রীতম জেন্টস পার্লার চালু করে। পার্লারটি গ্লাসের মাধ্যমে বন্ধ থাকায় এখানে নিরাপদে মাদক সেবক ও বিক্রেতাদের অভয়ারণ্য হয়ে উঠেছে। গত ২ অক্টোবর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা পার্লারের ২য় তলায় অভিযান চালিয়ে শহরের ষোলঘর বিটি রোড এলাকার দুলাল (৩৩) ও চৌধুরীপাড়া এলাকার মাহবুবুল হক নিপু (৪৮) কে আটক করে। এসময় ২য় তলা থেকে ১শ’ পিস ইয়াবা ও ২৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরে আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরে করে জেলহাজতে প্রেরণ করা হয়।
একাধিক সূত্রে জানা যায়, প্রীতম জেন্টস পার্লারে চাঁদপুর শহরের অনেক চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের আনাগোনা প্রতিনিয়ত দেখা যায়। শুধু তাই নয় প্রীতম জেন্টস পার্লার কর্তৃপক্ষ ক্রেতাদের সাথে দুর্ব্যবহারও করে। পার্লারে কোন ক্রেতা গেলে তারা ভুলিয়ে-ভালিয়ে বিভিন্ন জিনিস ব্যবহার করে বড় ধরনের বিল করেন। আর যদি কোন উপলক্ষ হয়, তাহলে তো কোন কথাই নেই। ১ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত বিল করে বসেন। বিল প্রদানে গ্রাহকদের মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র জমা রেখে যেতে হয়। পরে টাকা দিয়ে তা’ ছাড়িয়ে নিয়ে যেতে হয়।
এ বিষয়ে শহরের সচেতন মহল ও ক্রেতারা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- মাদকসহ বিভিন্ন অপকর্মের নিরাপদস্থল : চাঁদপুরের প্রিতম জেন্টস পার্লার
