তিন দফা জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদা শেষে মতলববাসীর ভালোবাসায় সিক্ত হয়ে

মাহফুজ মল্লিক
রাষ্ট্রীয় মর্যাদা ও মতলববাসীর ভালোবাসায় সিক্ত হয়ে মায়ের কবরের পাশে চিরনিন্দ্রায় শায়িত হলেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন। গতকাল শুক্রবার তিন দফা নামাজের জানাজা শেষে তার নিজ গ্রাম উত্তর বাইশপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের প্রথম জানাজা গতকাল শুক্রবার সকালে ঢাকাস্থ মোহাম্মদীয়া হাউজিং সোসাইটিতে অনুষ্ঠিত হয়। জুমার পর মরহুমের দ্বিতীয় জানাজার নামাজ ঐতিহ্যবাহী মতলব নিউ হোস্টেল মাঠে অনুষ্ঠিত হয়। নামাজের আগে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সাংসদ আলহাজ নুরুল আমিন রুহুল এমপি, জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মিজানুর রহমান খান, জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ মিজানুর রহমান কালু ভূঁইয়া, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুছ, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, মতলব পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন, জেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন, মরহুমের ছেলে রেজাওয়ানুল গিয়াস প্রমুখ।
বক্তব্যের শুরুতে মতলব দক্ষিণ উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক। বক্তব্য পরিচালনা করেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান।
জানাজা শেষে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পরে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চাঁদপুর-২ আসনের সাংসদ আলহাজ নুরুল আমিন রুহুল এমপি, জেলা প্রশাসক, আওয়ামী লীগ, মতলব দক্ষিণ উপজেলা পরিষদ ও প্রশাসন, কেন্দ্রিয় যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষে জেলা যুবলীগ, জেলা বিএনপি, মতলব দক্ষিণ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মতলব সরকারি ডিগ্রি কলেজ, মতলব পৌরসভা, মতলব প্রেসক্লাব, মতলব বাজার বনিক ও জনকল্যাণ সমিতি, মতলব পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মতলব দক্ষিণ পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, আল আমিন ক্রীড়া চক্র, কচি-কাঁচার মেলা, কিশোর ব্রাদার্স ক্লাব, বিআরডিবি অফিসসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
বাদ আছর মতলব পৌরসভার উত্তর বাইশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে ঈদ’গা মাঠে মরহুমের তৃতীয় জানাজা শেষে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।
