মুক্তিযোদ্ধা আ. মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া

স্টাফ রিপোর্টার
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সাবেক সদস্য ও জেলা কৃষক লীগের সাবেক আহ্বায়ক মুক্তিযোদ্ধা আ. মালেক ভূঁইয়ার ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বাদ আছর চাঁদপুর শহরের মধ্য ইচলী পাকা মসজিদে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলাদ ও দোয়া মাহফিলে সংক্ষিপ্ত আলোচনায় মরহুমের বড় ছেলে ও জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েল।
তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা আ. মালেক ভূঁইয়া একজন সৎ ও আদর্শবান মানুষ ছিলেন। ওনার মৃত্যুর ১১ বছর পরও আজকের এদিনে আপনাদের উপস্থিতি বলে দিচ্ছে তিনি আপনাদের কত আপন ছিলেন। আমি তাঁর রুহের মাগফেরাত কামনা করছি। আপনারা সবাই তাঁর জন্যে দোয়া করবেন মহান আল্লাহ যেনো তাঁকে জান্নাতবাসী করেন।
আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া ও পৌরসভার ১১নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর ইকবাল হোসেন বাবু পাটওয়ারী।
উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, কোষাধ্যক্ষ রিয়াদ ফেরদৌস, সদস্য একে আজাদ, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান, পৌরসভার ২নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আব্দুল মালেক শেখ, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মামুনুর রহমান দোলন, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর অ্যাড. হেলাল হোসাইন, ১০নং ওয়ার্ডের কাউন্সিলর ইউনুস শোয়েব, ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর অ্যাড. কবির হোসেন চৌধুরী, জেলা যুবলীগ সদস্য নাজমুল হোসেন পাটওয়ারী, মাইনুল হায়দার চৌধুরী, গাজী আব্দুল গণি, সদর উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন ভূঁইয়া, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুময়ুন কবির সুমন, যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান সামনু, পৌর যুবলীগের সদস্য কামরুল হাসান টিটু ভূঁইয়া, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আতাউর রহমান পারভেজসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সুধীমহল। দোয়া ও মোনাজাত শেষে মুসল্লিদের মাঝে তবররুক বিতরণ করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা মো. মিজানুর রহমান। মিলাদ পরিচালনা করেন হযরত শাহসুফি শাহেন শাহ (রহ.) জামে মসজিদের ইমাম মাও. আতিকুর রহমান।
মরহুমের বড় ছেলে জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল বলেন, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি সবসময় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের সাথে নিয়ে চলতেন। আব্বার অনুপ্রেরণায় আমরা ভাই ও বোনেরা মুক্তিযুদ্ধের আদর্শকে লালন করে রাজনীতির বিভিন্ন ধাপ পেরুচ্ছি। আমি আমার বাবার বিদেহী আত্মার জন্যে সবার কাছে দোয়া কামনা করছি।
২২ অক্টোবর, ২০২০।