মুক্তিযোদ্ধা মমিন খান মাখনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

স্টাফ রিপোর্টার
চিরবিদায় নিয়ে চলে গেলেন স্বাধীনতা যুদ্ধকালীন বিএলএফ বাহিনীর (মুজিব বাহিনী) অধিনায়ক অ্যাডভোকেট মমিন খান মাখন। চাঁদপুরে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন প্রবীণ এ আওয়ামী লীগ নেতা, মুক্তিযোদ্ধা, ‘৭১ এর যুদ্ধকালীন মহকুমা বিএলএফ কমান্ডার অ্যাড. আব্দুল মমিন খান মাখন। তাঁকে বৃহস্পতিবার রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করার পর পারিবারিক কবরস্থান পুরাণবাজার রঘুনাথপুরের জাফর খান বাড়িতে তাঁর বাবা-মায়ের পাশেই সমাহিত করা হয়েছে।
মহান মুক্তিযুদ্ধকালীন চাঁদপুর মহকুমা বিএলএফ বাহিনীর (মুজিব বাহিনী) অধিনায়ক, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল মমিন খান মাখন ঢাকায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্নালিলাহি….রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, রাজনৈতিক সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
আব্দুল মমিন খান মাখন ১৯৬০ সালে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ চাঁদপুর মহকুমা কমিটির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন। স্বাধীনতার পর তিনি আওয়ামী যুবলীগ চাঁদপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রিয় প্রেসিডিয়াম সদস্য ছিলেন। মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ছাড়াও আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া একজন খ্যাতিমান আইনজীবী, সৎ ও আদর্শবান রাজনীতিবিদ ছিলেন মমিন খান মাখন।
গত বৃহস্পতিবার তার নিজ বাড়ি শহরের পুরাণ বাজার ৫নং ওয়ার্ড জাফর খান বাড়িতে এশার নামাজের আগে তৃতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
এর আগে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় প্রথম, রাতে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ২য় নামাজে জানাযা ও রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হয়। জানাযার আগে জেলা আওয়ামী লীগ নেতা আবু নাছের বাচ্চু পাটওয়ারীর পরিচলানায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, পৌর মেয়র অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, বিএলএফ কমান্ডার মুক্তিযোদ্ধা হানিফ পাটওয়ারী ও গণফোরাম জেলা সভাপতি অ্যাড. সেলিম আকবর।
মরহুম আব্দুল মমিন খান মাখনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। এছাড়া জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।
অ্যাড. মমিন খান মাখনের বাবার নাম মৃত ইউসুফ খান এবং তার স্ত্রী অবসরপ্রাপ্ত পুলিশ সুপার সাহিদা বেগম ডলি এবং ছেলে রনি কানাডা প্রবাসী। অ্যাড. মমিন খান মাখন পুরাণবাজারের ব্যবসায়ী লুৎফুর রহমান খানের ছোট ভাই।
কিংবদন্তী এই মুক্তিযোদ্ধা চাঁদপুরের স্বাধীনতা-পূর্বকালের সাহসী ছাত্রনেতা, বলিষ্ঠ নিবেদিতপ্রাণ ছাত্র সংগঠক, রাজনীতির সৎ সাহসী প্রবাদপুরুষ, অন্যায় ও অসত্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন। তিনি চাঁদপুর সদর আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক নিয়ে দু’বার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার মৃত্যুতে চাঁদপুরের সব মহলে গভীর শোকের ছায়া নেমে আসে।

২৫ এপ্রিল, ২০২১।