
স্টাফ রিপোর্টার
মুক্তিযোদ্ধা ও নাট্যাভিনেতা মোহাম্মদ আলীর ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী স্মৃতি সংসদের আয়োজনে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা ও মিলাদের আয়োজন করা হয়।
সংসদের প্রধান উপদেষ্টা অ্যাড. দেবাশিষ কর মধুর সভাপতিত্বে ও সাংবাদিক মো. শওকত আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার ইকরাম চৌধুরী। তিনি বলেন, মানুষ মারা যাওয়ার পর আমরা অনেক সময় তাকে ভুলে যাই। কিন্তু আজকে এই স্মরণ সভায় মানুষের উপস্থিতি দেখে বুঝা যায় আমরা তাঁকে ৩৬ বছর পরও স্মরণে রেখেছি এবং তিনি একজন সত্যিকারের দেশপ্রেমিক ও ভালো মানুষ ছিলেন তা প্রমাণ করে। তিনি মুক্তিযুদ্ধ করে এদেশের স্বাধীনতায় তাঁর ভূমিকা ছিলো এবং নাটকের মাধ্যমে মানুষকে স্বাধীনতা যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করেছেন। এই সংগঠনের এ ধরনের উদ্যোগ যেন চলমান থাকে এবং মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক ও সাহিত্য একাডেমীর মহাপরিচালক রোটা. কাজী শাহাদাত। তিনি বলেন, মোহাম্মদ আলী একজন সুদূর প্রসারী মুক্তিযোদ্ধা ও নাট্যাভিনেতা ছিলেন। মোহাম্মদ আলী স্মৃতি সংসদের মাধ্যমে তাঁর স্মৃতি ধরে রাখা একটি ভালো উদ্যোগ। চাঁদপুরে প্রধানমন্ত্রী, মন্ত্রীসহ অনেক বিশিষ্টজনদের জন্ম হয়েছে। মোহাম্মদ আলী ভালো মানুষ ছিলেন বলেই তার জীবন নিয়ে ৩৬ বছর পরও আলোচনা করা হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ অনেকেই এসএসসি পাস করেননি, তাঁরা যশ ও খ্যাতীতে বিখ্যাত হয়েছেন।
তিনি আরো বলেন, বিখ্যাত ব্যক্তিরা মানুষকে ভালো মানুষ হতে উদ্বুদ্ধ করেছেন। তারা মাদকসহ বিভিন্ন অপকর্ম থেকে যুব সমাজকে দূরে রাখতে নাটকের মাধ্যমে পথ দেখিয়েছেন। তেমনি এ মানুষটি একজন মুক্তিযোদ্ধা হিসেবে জাতির জন্য যুদ্ধ করেছেন। সংগঠনের এই উদ্যোগটি অত্যন্ত ভালো একটি কাজ। দেশপ্রেমের উসিলায় আল্লাহ যেন তাঁকে জান্নাতবাসী করেন, এটাই তাঁর মৃত্যুবার্ষিকীতে কামনা করছি।
এছাড়া আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, চাঁদপুর বারের সাবেক সভাপতি ও গণফোরাম চাঁদপুর জেলার সভাপতি অ্যাড. সেলিম আকবর, দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক মো. সোহেল রুশদী, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি শাহাদত হোসেন শান্ত, চাঁদপুর টেলিভিশন ফোরামের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মাহবুবুর রহমান প্রমুখ।
স্মরণ সভার আগে প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান ও ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।
এছাড়া রওজাতুল উলুম মহিলা মাদ্রাসার শিক্ষার্থী উম্মে জামিলা, উম্মে ফাতেমা ও উম্মে মুসলিমা হাম ও নাত পরিবেশন করেন এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করেন।
স্মরণ সভা সভা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন রওজাতুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জয়নাল আবেদীন।
