মৈশাদী ইউপির সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান মিজির ইন্তেকাল

সজীব খান
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান মিজি আর বেঁচে নেই। তিনি মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ৩টায় চাঁদপুরস্থ নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মোখলেছুর রহমান মিজি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত কারণে নানা রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে মৈশাদীসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মরহুমের প্রথম জানাজা মঙ্গলবার রাত ৯টায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এবং দ্বিতীয় জানাজা মৈশাদী নিজ বাড়িতে রাত সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয়।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদুল্লাহ খান, সহ-প্রচার সম্পাদক মনির হোসেন গাজী, মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটন সরকার, মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসার) সাবেক নির্বাচিত প্রচার সম্পাদক ও মৈশাদী ইউপি সচিব আবু বকর মানিক, পৌর ১৪নং ওয়ার্ড কাউন্সিলর খায়রুল ইসলাম নয়ন মিজি, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক শাহ আলম মজুমদার নান্নু, যুগ্ম-আহ্বায়ক হোসেন শেখ, মৈশাদী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আজাদ খান, সোনালী সুদিন সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচএম হানিফসহ বিভিন্ন রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষক, সমাজসেবকসহ বিভিন্ন সংগঠন।
উল্লেখ্য, মোখলেসুর রহমান মিজি মৈশাদী ইউনিয়ন পরিষদে দুই মেয়াদে চেয়ারম্যানের দায়িত্বপালন করেন। প্রথম মেয়াদে ১৯৯৩ থেকে ১৯৯৭ সাল এবং ২য় মেয়াদে ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। দীর্ঘ ১৪ বছর ইউপি চেয়ারম্যান হিসেবে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে ১৯৭৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত সভাপতি ও সদস্য পদে দায়িত্ব পালন করেন। এর মধ্যে ১৯৯১ থেকে ১৯৯৪ এবং ১৯৯৫ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য পদে দায়িত্ব পালন করেন এবং সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকারী সদস্য ও বর্তমান কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
ছাত্রজীবনে ফুটবল খেলায় তিনি বেশ পারদর্শী ছিলেন, স্কুল পর্যায়ে উপজেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়েও তিনি ফুটবল খেলায় অংশগ্রহণ করেন। ফুটবল খেলায় ছিল তার অসামান্য কৃতিত্ব। এছাড়াও তিনি ১৯৭১ সালে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন। জীবদ্দশায় তিনি ছিলেন পরোপকারী সদালাপী, মিষ্টভাষী ও সাদা মনের মানুষ।
চাঁদপুর সদর উপজেলা আ.লীগের শোক
স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান মিজির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান ও সাধারণ সম্পাদক আলী এরশ^াদ মিয়াজী। এক শোক বার্তায় তারা মরহুমের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
২৫ আগস্ট, ২০২১।