মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় গ্রামে পারভেজ (১৮) নামে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। শনিবার (১৯ মার্চ) সকালে মতলব উত্তর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
গত শুক্রবার রাতে ওই কলেজ ছাত্র নিজ বাড়ির নির্মাণাধীন বিল্ডিংয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল। মৃত পারভেজ মোহনপুর আলী আহম্মদ মিয়া মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। মৃত পারভেজ হানিরপাড় গ্রামের শাহজাহান মোল্লার ছেলে।
মৃতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতের কোনো এক সময় পারভেজ এ ঘটনা ঘটায়। সকালে নির্মাণাধীন বিল্ডিংয়ে তার নিথর দেহ ঝুলতে দেখে রশি কেটে নামানো হয়।
আত্মীয়-স্বজনরা জানান, সম্প্রতি পারভেজ একটি মোটরসাইকেল কিনে দেয়ার জন্য আবদার করে। কিন্তু মোটরসাইকেল কিনে দেননি। এই কারণেই পারভেজ আত্মহত্যা করেছে বলে ধারণা করছেন তারা।
মতলব উত্তর থানার এসআই নজরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি চাঁদপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃতের বাবার ধারণা, মোটরসাইকেল কিনে না দেয়ার কারণে আত্মহত্যা করেছে তার ছেলে।
২০ মার্চ, ২০২২।
