মোতালেব জমাদারের উপজেলা ও জেলার পদ স্থগিত

স্টাফ রিপোর্টার
দলীয় সিদ্ধান্ত অমান্য করে হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতালেব জমাদারের দলীয় সব পদ স্থগিত করা হয়েছে। অর্থাৎ তার হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য পদসহ দলীয় সব পদ স্থগিত করা হয়। চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল গত সোমবার সন্ধ্যায় এ তথ্য জানান।
উল্লেখ্য, আসন্ন হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী। এদিকে দলের মনোনয়ন না পেয়ে ¯^তন্ত্র পরিচয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতালেব জমাদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান পেদা ও সাবেক যুবলীগ নেতা আতিকুর রহমান পাটওয়ারী মনোনয়নপত্র জমা দেন। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন গত রোববার শাহজাহান পেদা ও আতিকুর রহমান পাটওয়ারী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। প্রার্থী রয়ে যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য মোতালেব জমাদার। তাই দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থিতা বহাল রাখায় মোতালেব জমাদারের উপজেলা ও জেলা আওয়ামী লীগের পদ স্থগিত করা হয়।