স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ মোস্তাক হায়দার চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…..রাজেউন)। রোববার (৫ ডিসেম্বর) চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টায় তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো প্রায় ৭০ বছর। তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাক্সক্ষী রেখে গেছেন।
আজ সোমবার বাদ জোহর পুরাণবাজার এলাকায় মরহুমের পূর্ব শ্রীরামদী গ্রামের বাড়ি প্রাঙ্গণে অবস্থিত মসজিদের সামনে জানাজা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
জানা যায়, আলহাজ মোস্তাক হায়দার চৌধুরী গত ৪ নভেম্বর ঢাকার গ্রীন রোডস্থ গ্রীন লাইফ হাসপাতালে তাঁর ডেন্টাল মেক্সলোফেসিয়ালজনিত অপারেশন হয়। এছাড়া গত বুধবার তাঁর ছোট ভাই মুক্তিযোদ্ধা মাকসুদ হায়দার চৌধুরীও মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য, আলহাজ মোস্তাক হায়দার চৌধুরী চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি, চাঁদপুর ডায়াবেটিক সমিতির যুগ্ম সম্পাদক, চাঁদপুর জেলা দোকান মালিক সমিতির সভাপতি, লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা-৩১৫ বি-৩ বাংলাদেশের জেলা গভর্নরের উপদেষ্টার দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি চাঁদপুরস্থ গণি আদর্শ উচ্চ বিদ্যালয়, নুরীয়া পাইলট উচ্চ বিদ্যালয়, আমিনুল হক পৌর প্রাথমিক বিদ্যালয় ও ৩নং বালিকা প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, পুরাণবাজার ডিগ্রি কলেজ গভর্নিং বডির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির শোক
চাঁদপুরের বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী নেতা আলহাজ মোস্তাক হায়দার চৌধুরীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি এক শোকবার্তায় বলেন, মোস্তাক হায়দার চৌধুরী ছিলেন চাঁদপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। চাঁদপুরের রাজনৈতিক, সামাজিক, শিক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে তাঁর পরিবারের যেমনি ভূমিকা ছিলো, তেমনি তাঁরও ভূমিকা ছিলো উল্লেখ করার মতো। তিনি চাঁদপুরের বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠাসহ পরিচালনা কমিটির সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি একজন স্পষ্টবাদী মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে চাঁদপুরবাসী একজন অভিভাবককে হারালো।
আমি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
০৬ ডিসেম্বর, ২০২১।
