মুক্তিযুদ্ধের বিজয় মেলার সূচনা ৮ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার
আগামি ৮ ডিসেম্বর চাঁদপুর হানাদারমুক্ত দিবসে নতুন ভেন্যু হিসাবে চাঁদপুর আউটার স্টেডিয়ামে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার সূচনা করা হবে। এ বছর মুক্তিযুদ্ধের বিজয় মেলার গৌরবের ৩০ বছর। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ‘এসো মিলি মুক্তির মোহনায়’ শ্লোগানকে হৃদয়ে ধারণ করে এ বিজয় মেলার আয়োজন।
এ বছর মুক্তিযুদ্ধের বিজয় মেলায় ১১০টি বাণিজ্যিক স্টল নির্মাণ করা হয়েছে। আউটার স্টেডিয়ামের বিশাল পরিসরে মাসব্যাপী স্বাধীনতাভিত্তিক সাংস্কৃতিক ও নাটক পরিবেশ করা লক্ষ্যে সুসজ্জিত দৃষ্টিনন্দন মঞ্চ নির্মাণ করা হয়েছে। বাণিজ্যিক স্টলগুলোর মধ্যে রয়েছে ঃ বাচ্চাদের খেলনা, কসমেটিক্স, থ্রি-পিস, ক্রোকারিজ, কালার কসমেটিক্স, ম্যাচিং সুজ, দেশি-বিদেশি চশমা, তরুণীদের পার্স-ব্যাগ, মুখরোচক খাবার দোকানসহ বিভিন্ন ধরনের স্টলসমূহ। বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে নতুন ধরনের নাগরদোলা, ম্যারী ঘোঁড়া, নৌকা, ইলেক্ট্রিক ট্রেন, হাঁস ইত্যাদি।
এ বছর মুক্তিযুদ্ধের বিজয় মেলায় চাঁদপুর জেলা ও জেলার বাইরের ৪২টি সাংস্কৃতিক ও নাট্য সংগঠন মেলা মঞ্চে স্বাধীনতাভিত্তিক নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে। মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে থাকবে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ।
প্রতি বছরের মতো এবছরও মেলা মাঠে থাকছে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে সুসজ্জিত স্মৃতি সংরক্ষণ ৭১ গ্যালারী। সেই গ্যালারী থেকে প্রজন্ম মুক্তিযুদ্ধের ও স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে পারবে।
মেলায় আগত শিশু-কিশোরদের বিনোদনের জন্য থাকছে নাগরদোলা, ট্রয়ট্রেন, স্লিপিং, ইলেক্ট্রিক মেরি হাঁসসহ বিভিন্ন রাইডস্। বিগত বছরগুলোর মতো এবছরও মেলায় মুক্তিযুদ্ধ প্রেমিক সবাই আমন্ত্রিত।

০৬ ডিসেম্বর, ২০২১।