মোহনপুরে চেয়ারম্যান পদে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ সোমবার দুপুর ১২টায় প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।
রোববার (১৯ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মতলব উত্তর উপজেলা নির্বাচন কার্যালয়ে কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও মোহনপুর ইউপির উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কাজী আবু বকর সিদ্দিকের কাছে তারা মনোনয়নপত্র জমা দেন। আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকে মনোনয়নপত্র জমা দেন মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই প্রধান।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- কেন্দ্রিয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য কাজী মিজানুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মাস্টার, অ্যাড. মো. সেলিম মিয়া, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মতিন কাজী, কাজী আবু জাফর, মো. বদিউল আলম, আবু হানিফ অভি, শরিফ মাহমুদ সায়েম, ফয়সাল আহমেদ, রেজাউল করিম ও হাবিবুর রহমান তপাদার।
উল্লেখ্য, আগামি ১৬ মার্চ মতলব উত্তর উপজেলার চেয়ারম্যান পদে মোহনপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

২০ ফেব্রুয়ারি, ২০২৩।