স্টাফ রিপোর্টার
চাঁদপুর মাদ্রাসা রোডস্থ লঞ্চঘাট এলাকায় যাত্রী হয়রানী ও করোনা প্রতিরোধে মডেল থানার ওসি মুহাম্মদ আব্দুর রশিদের নেতৃত্ব আকস্মিক অভিযান পরিচালিত হয়েছে। রোববার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত লঞ্চঘাট এলাকায় অভিযান চালানো হয়। এসময় সিএনজি-অটো চালক ও লঞ্চের ম্যানাজারদের সতর্কতামূলক নির্দেশনা প্রদান করা হয়।
লঞ্চঘাটের পণ্টুন ও ব্যারিকেটের ভিতরে কোন ড্রাইভার প্রবেশ করতে পারবে না। যাত্রীদের গায়ে ও মালামালে হাত দিয়ে যাত্রী টানাটানি করা যাবে না। সিএনজি ও অটোর সামনের সিট খালি থাকবে, পিছনে ৩ জন যাত্রী নিতে পারবে। সবার মুখে মাস্ক বাধ্যতামূলক থাকতে হবে। গাড়িগুলো শৃঙ্খলাবদ্ধভাবে রাখতে হবে। লঞ্চের যাত্রী সামাজিক দূরত্ব বজায় রেখে বসাতে হবে। সব যাত্রী মুখে মাস্ক আছে কিনা তা নিশ্চিত করাসহ করোনা প্রতিরোধে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন মডেল থানার ওসি মুহাম্মদ আব্দুর রশিদ। অভিযান চলাকালীন সময়ে যাত্রীদের হয়রানী ও বিরক্ত করার অপরাধে ৫ চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
চালকরা হলেন- ভোলা জেলার রমাগঞ্জ লালমোহন এলাকার জাহিদুল ইসলাম (৩৫), বাগাদী ইউনিয়নের সাগর গাজী (২০), শহরের কোড়ালিয়া এলাকার সুজন মিয়া (২৫), লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে বহরিয়ার সেলিম খান (২৪), ফরিদগঞ্জের বড়ালিয়া এলাকার সাইফুল ইসলাম (২৩)।
চাঁদপুর মডেল থানার ওসি মুহাম্মদ আব্দুর রশিদ জানান, যাত্রী হয়রানী প্রতিরোধে চাঁদপুর লঞ্চঘাটে একাধিকবার অভিযান চালিয়ে সতর্ক করা হয়েছে। এবার তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
০৫ এপ্রিল, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- যাত্রী হয়রানী ও করোনা প্রতিরোধে লঞ্চঘাটে পুলিশের আকস্মিক অভিযান
