এসএম চিশতী
চাঁদপুর জেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হাজীগঞ্জ বাজার। চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কটি হাজীগঞ্জ বাজারের প্রাণ যা সিএনজি অটোবাইক, অটোরিক্সা ও হকারদের দখলে। এছাড়া দূরপাল্লার বাস, ট্রাক, মাইক্রোবাসসহ মালবাহী যানবাহন ও বালুর ট্রাক চলাচলে প্রতিনিয়ত সড়কটিতে জ্যাম লেগে থাকে। এতে সাধারণ পথচারীদের হাঁটা চলা-প্রায় অসম্ভব হয়ে পড়ছে।
এ যানজট সমস্যার বেড়াজালেই ঐতিহ্য হারাচ্ছে বড় মসজিদ খ্যাত ঐতিহ্যবাহী হাজীগঞ্জ বাজার। চাঁদপুর জেলার রাজধানী হিসাবে পরিচিত এ বাজারটিতে ব্যাংক, বীমা, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে শত-শত মানুষ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ বিনিয়োগ করেছেন। তাদের বক্তব্য হলো- বিভিন্ন এলাকা থেকে আগত ক্রেতা সাধারণ হাজীগঞ্জ বাজারের একটি সুন্দর পরিবেশ প্রত্যাশা করে, কিন্তু তারা সে পরিবেশ না পেয়ে ধীরে ধীরে এ বাজারের প্রতি আগ্রহ হারাচ্ছে। এর কারণ হচ্ছে বাজারের মূল আর্কষণ হাইওয়ে রোডের পশ্চিম প্রান্ত মুজিব চত্বর থেকে পূর্ব প্রান্ত ব্রিজ পর্যন্ত বিশাল জ্যাম তার উপর মূল সড়কের দু’পাশে হকার বসে। এছাড়া হাজীগঞ্জ বাজারের প্রতিটি প্রবেশ পথে সিএনজি ও অটো স্ট্যান্ড থাকায় জনসাধারণকে চরম দুর্ভোগ পেতে হয়।
এ বাজারের ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতাদের মতোই স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরাও চরম বিড়ম্বনার শিকার হচ্ছে। কারণ হাজীগঞ্জ বাজারকে ঘিরে উত্তর পাশে একটি কাওমী মাদ্রসা, একটি কামিল মাদ্রাসা, একটি বালিকা উচ্চ বিদ্যালয়, একটি প্রাথমিক বিদ্যালয়, তিনটি কিন্ডারগার্টেন, বাজারের আর একটু উত্তরে হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ। বাজারের দক্ষিণে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ এবং সামান্য দূরত্বে হাজীগঞ্জ পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বাজারের পশ্চিমে হাজীগঞ্জ আইডিয়েল কলেজ, বাজারের পূর্বে হাজীগঞ্জ মডেল পাইলট স্কুল এন্ড কলেজ রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিপুল পরিমাণ শিক্ষার্থী-অভিভাবক-শিক্ষকদের হাজীগঞ্জ বাজারের অভ্যন্তরীণ রাস্তাগুলো ব্যবহার করে চলাচল করতে হয়। বাজারে জ্যাম ও তার উপর হকাররা এলেমেলোভাবে রাস্তা দখল করে রাখায় এ শ্রেণির মানুষ চলাচলে প্রতি নিয়ত বিব্রতকর অবস্থায় পড়তে হয়। যানজট নিয়ন্ত্রণের জন্য ট্রাফিক ব্যবস্থা থাকলেও শৃঙ্খলার অভাবে, পূর্ব বাজারের থানা রোড থেকে শুরু করে পশ্চিম বাজার পপুলার হাসপাতাল ও শেখ সিটি মার্কেট হয়ে বিশ্বরোড মুজিব চত্বর পর্যন্ত তীব্র যানজট প্রতিদিনের স্বাভাবিক চিত্র।
সরেজমিনে দৈনিক ইল্শেপাড়ের বিশেষ প্রতিনিধি এ বিষয়টি নিয়ে জানতে চান হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আশফাকুল আলম চৌধুরীর কাছে। তিনি বলেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি ও থানা প্রশাসন মিলে বহুবার চেষ্টা করেও শুধু ছোট যানবাহন, গণপরিবহন ও হকারদের কারণে যানজট এবং ফুটপাত দখল মুক্ত করতে পারিনি। তবে ট্রাফিক পুলিশ আরও কঠোর হলে যানজট এমন তীব্র আকারে ধারণ করতো না। এ থেকে পরিত্রাণ পেতে হলে প্রশাসনকে আরো কঠোর হয়ে বিকল্প উদ্যোগ নিতে হবে।
হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম. মাহবুব-উল আলম লিপন দৈনিক ইল্শেপাড়কে বলেন, হকারদের জন্য বাজারে নির্ধারিত হকার্স মার্কেট আছে। তারপরও তারা নিজেদের দোকান ঘর ভাড়া দিয়ে সড়ক দখল করে বসে পথচারীদের হয়রানি করছে, বিষয়টি দুঃখজনক। ভ্রাম্যমাণ আদালত এদের বহুবার জরিমানা করলেও তাদের কিন্তু পরিবর্তন হয়নি। তাই এবার হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনে অচিরেই কঠোর পদক্ষেপ নেয়া হবে।
২১ ডিসেম্বর, ২০২৩।
