যুব মহাসমাবেশ সফল করতে চাঁদপুরে যুবলীগের বিশেষ প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামি ১১ নভেম্বর মহাসমাবেশ সফল করার লক্ষ্যে চাঁদপুর জেলা যুবলীগের বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. জাফর ইকবাল মুন্না।
তিনি তার বক্তব্যে বলেন, আগামি ১১ নভেম্বর যুব মহাসমাবেশের মধ্য দিয়ে প্রমাণ করা হবে এদেশের যুব সমাজ এক ও ঐক্যবদ্ধ। যারা আন্দোলনের নামে রাজপথে নৈরাজ্য ও জানমালের ক্ষয়ক্ষতি করছেন, তাদের এই সমাবেশের মধ্য দিয়ে জানিয়ে দিতে চাই, আপনাদের আন্দোলন মোকাবেলা করার জন্য যুবলীগই যথেষ্ট।
তিনি আরো বলেন, আমরা চাঁদপুরের যুবলীগ এক ও ঐক্যবদ্ধ। চাঁদপুর থেকে আমরা একসাথে যাবো আবার একসাথে আসবো। মহাসমাবেশে চাঁদপুরের যুবলীগ এক রেকর্ড করতে চায়। দেশের কোন জেলা থেকে কেমন সমাগম হলো, সেটা আমাদের জানার বিষয় নয়। আমরা চাঁদপুর থেকে বিশাল শোডাউন নিয়ে সমাবেশে যেতে চাই। এ বিষয়ে আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
জেলা যুবলীগের সিনিয়র সদস্য মাইনুল হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিয়াজী, জেলা যুবলীগের সদস্য আবদুল গনি, জিয়াউল আমীন দিপু, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন, পৌর যুবলীগের আহ্বায়ক কাউন্সিলর আ. মালেক শেখ, যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর সফিকুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান শামনু, হাইমচর উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বেপারী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোতালেব, আতাউর রহমান পারভেজ প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন জেলা, সদর, পৌর ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।

০৬ নভেম্বর, ২০২২।