যৌন হয়রানি নির্মূলে শিক্ষার্থীদের হ্যারেস ম্যাপ

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে বাস্তবায়িত মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) প্রকল্পের গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে যৌন হয়রানি প্রবণ এলাকা চিহ্নিতকরণ বা উত্ত্যক্তকরণ স্পট চিহ্নিতকরণ (হ্যারেস ম্যাপ) জেলা পুলিশকে হস্তান্তর করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরীর কাছে তরপুরচন্ডী জি এম ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট ওয়াচ গ্রুপের উদ্যোগে শিক্ষার্থীরা তাদের বিদ্যালয় ক্যাচমেন্ট এলাকার যেসকল স্থানে শিক্ষার্থীদের আসা-যাওয়ার পথে বখাটে বা বিপথগামী তরুণরা শিক্ষার্থীদের হয়রানি করেন তা ম্যাপের মাধ্যমে চিহ্নিত করে হস্তান্তর করেন।
এসময় তরপুরচন্ডী জিএম ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. হোসাইন দেওয়ান, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির প্রশান্ত কুমার দে, আঞ্চলিক ব্যবস্থাপক কালাচাঁদ দাস অসিত, জেলা ব্যবস্থাপক দেবাশীষ হালদার, জুনিয়র সেক্টর স্পেশালিস্ট মো. আফসার উদ্দিনসহ শিক্ষার্থীরা।
এসময় তরপুরচন্ডী জিএম ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ৬ জন শিক্ষার্থীরা উপস্থিত থেকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরীর কাছে ম্যাপ ব্যাখ্যা করেন এবং হস্তান্তর করেন।
এসময় জাহেদ পারভেজ চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, চাঁদপুর জেলায় এ ধরনের ইউনিক ও গুরুত্বপূর্ণ উদ্যোগ এই প্রথম। আমি খুবই অভিভূত এবং অনুপ্রাণিত হলাম এই উদ্যোগ দেখে। এ ধরনের উদ্যোগের মাধ্যমেই সমাজ থেকে সব ধরনের যৌন হয়রানি ও বাল্যবিয়ে নির্মূলকরণ সম্ভব। এভাবে সকল বিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন হলেই সমাজ পরিবর্তন হবে।
তিনি আরো বলেন, ব্র্যাকের সহযোগিতায় যে সকল স্কুলে এই ধরনের হ্যারেস ম্যাপ তৈরী করা হয়েছে তা থেকে সকল উত্ত্যক্তকরণ স্পট নির্বাচন করে আমাকে প্রদান করবেন আমি আগামি সোমবার থেকে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ পুলিশ টিম দিয়ে ঐসব স্পটে অভিযান শুরু করবো এবং ধারাবাহিকভাবে তা চলমান রাখতে চাই। এই ম্যাপের অনূকরণে শহরের ভিতর ও বাইরের স্কুলে একটি প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে আরও ম্যাপ তৈরী করার উদ্যোগ নিতে চাই, যাতে সব মেয়েরা সচেতন হয়।