স্টাফ রিপোর্টার
বাংলাভাষার অন্যতম সেরা সাহিত্য পুরস্কার ‘জেমকন তরুণ কবিতা পুরস্কার-২০১৯’ পেয়েছেন চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক কবি রফিকুজ্জামান রণি। ‘ধোঁয়াশার তামাটে রঙ’ কবিতার পাণ্ডুলিপির জন্যে এ পুরস্কারে অর্জন করেন তিনি। গত বৃহস্পতিবার ৩ দিনব্যাপী ঢাকা ‘লিট ফেস্ট-২০১৯’ অনুষ্ঠানের প্রথম দিনে এ পুরস্কার তুলে দেয়া হয়। বাংলা একাডেমির আবদুর করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে পুরস্কার তুলে দেন জেমকন গ্রুপের পরিচালক কাজী আনিস আহমেদ। পুরস্কার হিসেবে দেয়া হয় এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা স্মারক।
এ সময় উপস্থিত ছিলেন বিচারক কবি সাজ্জাদ শরিফ, কবি মৃদুল দাশগুপ্ত, কবি কুমার চক্রবর্তী, অধ্যাপক মোস্তাক আহমেদ এবং লেখক পাপড়ী রহমান।
পুরস্কার পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে রফিকুজ্জামান রণি বলেন, আমি বিস্মিত, স্তম্ভিত এবং আনন্দিত। আমাকে বেছে নেয়ার জন্য আমি আয়োজক এবং বিচারকমণ্ডলীকে ধন্যবাদ জানাই। কবি রফিকুজ্জামান রণি বহুবছর ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছেন। দেশের জাতীয় এবং স্থানীয় পত্রিকাগুলোতে প্রায়ই তার লেখা গল্প-কবিতা-প্রবন্ধ-ছড়া চোখে পড়ে।
বর্তমানে তিনি চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন। তার জন্মস্থান কচুয়া উপজেলায়। এ আগেও তিনি দেশের আরো অনেক প্রতিষ্ঠিত পুরস্কারে অভিষিক্ত হয়েছেন। এর মধ্যে দেশ পাণ্ডুলিপি পুরস্কার-২০১৮, ‘এবং মানুষ’ সাহিত্য পুরস্কার-২০১৯ ও চাঁদপুর জেলা প্রশাসক পাণ্ডুলিপি পুরস্কার-২০১৮ অন্যতম।
কবি রফিকুজ্জামান রণি সবার দোয়া ও সহযোগিতা নিয়ে আরো বহুদূর এগিয়ে যেতে চান।
- Home
- শিক্ষা ও সাহিত্য
- রফিকুজ্জামান রণির ‘জেমকন’ পুরস্কার অর্জন
