স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের শিলারচর মিয়াজী বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের অস্ত্রের আঘাতে একই পরিবারের ৩ সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতদের চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- মিয়াজী বাড়ির মকবুল মিয়াজী, তার ছেলে শুকুর আলী মিয়াজী ও স্ত্রী ইসমতারা বেগম। ডাকাতদের অস্ত্রের আঘাতে তিনজনই গুরুতর আহত হয়েছেন। বুধবার (৬ মে) দিবাগত রাত ১২টার পর সদর উপজেলা রাজরাজেশ্বর ইউনিয়নের শিলাচর গ্রামের মকবুল মিয়াজীর বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, ১০-১২ জনের ডাকাত দল মিয়াজি বাড়িতে প্রবেশ করে ঘরে ঢুকে ৭টি গরু, নগদ ২ লাখ ১০ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালংকার ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় শব্দ শুনে ঘুম ভাঙলে ডাকাতদের দেখে ডাক-চিৎকার শুরু করলে পরিবারের তিন সদস্যদের এলোপাতাড়ি দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে থাকে। ডাকাতরা তাদের আহত করে মালামাল নিয়ে পালিয়ে যায়।
মকবুল মিয়াজীর ছেলে শুকুর আলী মিয়াজী (৪০) জানায়, আমি ডাকাতের কয়েক জনকে চিনতে পেরেছি। তারা আমার পাশের এলাকার, আমি তাদের হাতে থাকা বড় বড় দা ছেনি দেখে ভয়ে চুপ করে থাকি। ডাকাত দল চলে গেলে আশপাশের লোকজন খবর পেয়ে রাত ২ টার সময় আমাদের উদ্ধার করে ট্রলারযোগে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসে।
শুকুর আলী ডাকাত দলের মধ্যে যাদের চিনতে পেরেছে তারা হলো- কুদ্দুস আলী মাল (৩২), হাছান আলী মাল (৩০), রমিদ আলী মাল (৪০), ইউসুফ আলী প্রধানিয়া (৩৫), মোহাম্মদ আলী প্রধানিয়া (৩০), মোস্তফা প্রধানিয়া (৫০), ফারুক প্রধানীয়া (৩৫) মরু খান ও আজমীর শরীফ প্রধানীয়া।
আহত শুকুর আলী মিয়াজী জানায়, এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে।
রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি হযরত আলী বেপারী জানান, রাতের আঁধারে যারা একটি নিরিহ পরিবারের উপর এ ধরনের হামলা চালায় তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। অপরাধী যে’ই হোক পার পাবে না।
০৭ মে, ২০২০।
