রাজরাজেশ্বর ইউপি মেম্বার পারভেজ রনি আটক

স্টাফ রিপোর্টার
চাঁদপুরের মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে নৌ পুলিশের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পারভেজ গাজী রনি আটক করেছে নৌ-পুলিশ।
জানা যায়, রোববার (২৯ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ হাকিম প্লাজা মার্কেটের সামনে থেকে মেম্বার পারভেজ গাজী রনিকে গোপন সংবাদের ভিত্তিতে নৌ-থানা পুলিশ আটক করেছে। নৌ-থানার ওসি জহিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করে শহরের ট্রাক ঘাটস্থ নৌ-পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে রাতে চাঁদপুর মডেল থানায় রাখা হয়।
নৌ-পুলিশের ওসি জহিরুল ইসলাম জানান, নৌ-পুলিশের উপর হামলার মামলায় আটক পারভেজ গাজী রনি এজাহারভুক্ত ও হুকুমের আসামি করে মামলা করা হয়। সেই মামলায় তাকে আটক করা হয়। আগামিকাল তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে বলে জানান তিনি।
৩০ নভেম্বর, ২০২০।