
দানব ট্রাক্টর বন্ধে এলাকাবাসীর দাবি
স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের মধুরোড এলাকায় সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে অবৈধ ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে সিএনজি যাত্রী হাসানাতের (৫০) মৃত্যু হয়। মৃত হাসানাত ছোট সুন্দর এলাকার ছামছুল হক মাওলানার মেঝো ছেলে। খবর পেয়ে মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাটক ট্রাক্টরটি আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে এলাকার লোকজন জানান, দুর্ঘটনার পর আহত হাসানাতকে গুরুতর আহত অবস্থায় লোকজন চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালে আনা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় সিএনজি চালক ও অন্য এক যাত্রীও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।
ট্রাক্টর চালাচলের ব্যাপারে এলাকার লোকজন জানান, এ ট্রাক্টরটি ছাড়াও ছোট সুন্দর বাজারের ইট-বালু ব্যবসায়ী আরো ৩ জনের ট্রাক্টর নিয়মিত রাস্তায় চলাচল করছে। শুধু তাই নয় ট্রাক্টরগুলো বিভিন্ন সময় সরকারি রাস্তা তৈরির কাজে ঠিকাদাররা মালামাল পরিবহনে ব্যবহার করছেন। এলাকাবাসী দানবযান ট্রাক্টরের ব্যবহার একেবারে বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ করেছেন।
