সজীব খান
চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের পূর্ব দেবপুর-রেললাইন ভায়া ত্বোহা হুজুরের বাড়ি সড়কের নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। গতকাল শনিবার (৩ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, এক কোটি ১৫ লাখ টাকা ব্যায়ে ৯১০ মিটার সড়কে কার্পেটিং দ্বারা উন্নয়নমূলক কাজ, গাইডওয়াল ও ১০ ফিট রাস্তা প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে চলতি বছরের গত এপ্রিল মাসে। যা চলতি বছরেই শেষ হওয়ার কথা জানান ঠিকাদার মো. শাহাদাত হোসেন জাকির পাটওয়ারী। ঠিকাদারি প্রতিষ্ঠান কান্তা এন্টারপ্রাইজ এ কাজ পান।
সরেজমিনে গিয়ে জানা যায়, দেবপুরবাসীর দীর্ঘদিনের প্রতিক্ষা ছিল এই সড়কটি। বর্ষার মৌসুমে এ সড়ক দিয়ে চলাচল করা অসম্ভব হয়ে যেতো। কিন্তু বর্তমানে এ সড়কটি ৬ ফুট থেকে বাড়িয়ে ১০ ফুট চওড়া করার কাজ চলছে। যদিও সড়কের দু’পাশের বাসিন্দাদের কিছুটা ক্ষতি হয়েছে। এতে তারা অসন্তোষ প্রকাশ করেননি। তারা আরো আনন্দিত যে, তাদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তব হতে চলেছে। রেললাইন সংলগ্ন এলাকার বাসিন্দা সাবেক
সোনালী ব্যাংক কর্মকর্তা নুরুল ইসলাম হাওলাদার বলেন, আমার অনেক সম্পত্তির উপর দিয়ে এ সড়ক গিয়েছে। যেহেতু সড়কটি আমাদের একটা বড় পাওয়া তাই এলাকার উন্নয়নের স্বার্থে আমাদের কোন অভিযোগ নেই।
ঐ এলাকার সফিউল্লাহর ছেলে সোহেল মিজি ও বদিউজ্জামানের ছেলে আমির হোসেন জানান, আমরা এ সড়কটি পাঁকাকরণের জন্য অনেক জনপ্রতিনিধি চেষ্টা করেছেন। কিন্তু তা করা সম্ভব হয়নি। যদিও সড়কের পাশে হওয়ায় আমাদের কিছুটা ক্ষতি হয়েছে সেজন্য আমাদের কোন অভিযোগ নেই। কিছু পেতে হলে কিছুটা ছাড়তে হয়।
এ ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. সেকান্তর মিয়া জানান, আমার সময় এ সড়কটি পাঁকাকরণের জন্য বহু চেষ্টা করেছি। বিভিন্ন সমস্যার কারণে তা আর হয়ে ওঠেনি। মান্দারী আলিম মাদ্রাসার শিক্ষক আব্দুল গনি বলেন, এ সড়কটি আমাদের দীর্ঘদিনের একটি আশা। শিক্ষামন্ত্রী ও এ ইউনিয়নের কৃতী আলহাজ্ব ডা. দীপু মনি এমপির সহযোগিতায় স্বপ্নটি বাস্তব হতে চলেছে। তবে একটি কুচক্রী মহল শিক্ষামন্ত্রীর উন্নয়ন কাজে বাঁধা দেওয়ার চেষ্টা করলেও আমরা এলাকাবাসী আমাদের কাজ বুঝে নিতে প্রয়োজনে যুদ্ধ করে যাবো।
ঐ ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেক খান বলেন, আমি নির্বাচিত হওয়ার পর তাদের আশা পূরণে সর্বাত্মক চেষ্টা করে গিয়েছি। ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারীর একান্ত চেষ্টা ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির সহযোগিতায় আজ এ সড়কের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
ঠিকাদার মো. শাহাদাত হোসেন জাকির পাটওয়ারী বলেন, কাজটি আমি ফরিদগঞ্জের এক ঠিকাদারের কাছ থেকে কিনে নিয়ে দ্রুত নির্মাণ কাজ শুরু করে দেই। কিন্তু কিছু কুচক্রী মহল গত কয়েকদিন আগে আমার নাম ও রাস্তার কাজে অনিয়মের অসত্য তথ্য দিয়ে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে। সেই সাথে শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনি এমপির এলাকার উন্নয়নের কাজে বাঁধা দিয়ে বদনাম রটানো হচ্ছে। শিক্ষামন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জে.আর ওয়াদুদ টিপু ভাইয়ের ইউনিয়ন হিসেবে এলাকাবাসীর সহযোগিতায় উক্ত কাজটি শতভাগ স্বচ্ছতার সাথে করবো ইনশাআল্লাহ।
এ বিষয়ে রামপুর ইউপি চেয়ারম্যান মো. আল মামুন পাটওয়ারী জানান, প্রধানমন্ত্রীর উন্নয়নময় বাংলাদেশ বিনির্মাণে শিক্ষামন্ত্রী এ এলাকার কৃতী সন্তান আলহাজ ডা. দীপু মনি এমপি ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. জে.আর ওয়াদুদ টিপু ভাইয়ের সর্বাত্মক সহযোগিতায় দেবপুরবাসী পাঁকা সড়কের মুখ দেখতে যাচ্ছে। শিক্ষামন্ত্রীর উন্নয়নের স্বার্থে সড়কের প্রশস্ত বৃদ্ধির ফলে দু’পাশের কিছু গাছ কাটা ও ওয়াল ভেঙে ফেলতে হয়েছে। তারা তাদের এলাকার উন্নয়নের জন্য কিছুটা ক্ষতি মেনে নিয়েছে।
০৪ জুলাই, ২০২১।
