জ্ঞান, প্রজ্ঞা, সততা ও স্বচ্ছতা দিয়ে দায়িত্ব পালন করবেন
…………..জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ
স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেছেন, ছোট একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেখে আমরা অনেক সময় মনে করি, তার
বেশি ক্ষমতা বা দায়িত্ব নেই। কিন্তু আমি বলবো, তার অনেক দায়িত্ব ও ক্ষমতা রয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একজন জনপ্রতিনিধি। তার কাছে সাধারণ জনগণের অনেক আশা রয়েছে। অনেক আকাক্সক্ষা নিয়ে সাধারণ জনগণ চেয়ারম্যানদের নির্বাচিত করেন। যে ক্ষমতা পৌরসভার নেই, যে ক্ষমতা উপজেলা পরিষদের নেই, এমনকি যে ক্ষমতা মাননীয় সাংসদেরও নেই, সে ক্ষমতা কিন্তু একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আছে গ্রাম-আদালতের মাধ্যমে। গ্রাম-আদালতে বিচারকের ক্ষমতা তাদের ন্যাস্ত করা হয়েছে এবং রীতিমত তারা আদালত প্রতিষ্ঠা করে বিচার নিষ্পত্তি করে থাকেন। কাজেই আপনাদের এ সম্মান ও গুরুত্বের প্রতি আপনারা খেয়াল রাখবেন।
গত বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. সেলিম খানের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নব-নির্বাচিত চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করানো শেষে জেলা প্রশাসক নব-নির্বাচিত চেয়ারম্যানের উদ্দেশ্য করে বলেন, গ্রাম-আদালতের মাধ্যমে আপনি ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারলে আপনার এলাকার লোকজন কষ্ট করে জেলাতে এসে উকিলের পেছনে টাকা খরচ করবে না। এতে করে অর্থনৈতিকভাবে তাদের সাশ্রয় হবে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে। আপনার এলাকায় যে বিরোধ হবে, সরকারের আইন-কানুন মেনে মিমাংশা করবেন। আর যেসব সমস্যাগুলো গ্রাম-আদালতের এখতিয়ার না, সেগুলোকে আপনারা সংশ্লিষ্ট আদালতে প্রেরণের ব্যবস্থা করবেন ও তাঁদেরকে সঠিক পরামর্শ দেবেন।
জেলা প্রশাসক আরো বলেন, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, জন্ম নিবন্ধন, নাগরিকত্ব সনদ, ওয়ারিশ সনদ ও মৃত্যুসনদের বিষয়গুলো যেন সূচারুরূপে হয়, সেদিকে খেয়াল রাখবেন। কারন, ওয়ারিশ সনদের উপর অনেক কিছু নির্ভর করে। এছাড়া জন্ম নিবন্ধনের ক্ষেত্রে অনেক সময় বয়সের গরমিলের প্রবণতা লক্ষ্য করা যায়। যার ফলে বাল্য বিবাহের মতো অনেক অনিয়ম হয়ে থাকে, সেদিকেও খেয়াল রাখতে হবে।
অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী বেপারী, বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন বিল্লাল এবং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সায়েদ মাস্টার ও সাধারণ সম্পদাক আরশাদ আলী মিয়াজী।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, শরীফ চৌধুরী, সহ-সভাপতি গিয়াসউদ্দিন মিলন, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, এএইচএম আহসান উল্লাহ্, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এমএ লতিফ, সাধারণ সম্পাদক কেএম মাসুদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এএইচএম আহসান উল্লাহ ও পবিত্র গীতা পাঠ করেন লক্ষ্মণ চন্দ্র সূত্রধর।
শপথ বাক্য পাঠ শেষে চাঁদপুর জেলা প্রশাসক ফুল দিয়ে বরণ করেন নবনির্বাচিত চেয়ারম্যান মো. সেলিম খানকে। পরে নব-নির্বাচিত চেয়ারম্যানও ফুলেল শুভেচ্ছা প্রদান করে চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।
অপরদিকে বিকেলে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহণ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ।
শপথ গ্রহণ শেষে নব-নির্বাচিত সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের উদ্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শপথ গ্রহণের মধ্য দিয়ে আপনারা এখন অন্যরকম ব্যক্তিত্ব হয়ে গেলেন। আপনারা এখন আর আমজনতা নন। আপনারা এখন থেকে জনগণের সেবক হয়ে গেলেন। লক্ষ্মীপুর ইউনিয়নে ইতোমধ্যে রাস্তা-ঘাটসহ অনেক উন্নয়ন হয়েছে। আশা করি, নব-নির্বাচিত চেয়ারম্যানের নেতৃত্বে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, এবার যারা নতুন নির্বাচিত হয়েছেন তাদের বলবো, আপনারা ইউনিয়ন পরিষদের আইনগুলো পড়ে নেবেন। আসলে শিক্ষার কোনো বিকল্প নেই। আইনগুলো থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন।
অনুষ্ঠানের শুরুতে নব-নির্বাচিত চেয়ারম্যান মো. সেলিম খানকে ফুল দিয়ে বরণ করে নেন চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ। এছাড়া শপথগ্রহণ শেষে নব-নির্বাচিত সদস্যদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
আনুষ্ঠানিকভাবে শপথ নেন- সংরক্ষিত ১, ২ ও ৩নং ওয়ার্ডের হোসনে আরা বেগম বিউটি, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের হাসিনা আক্তার এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সিমা আক্তার এবং সাধারণ সদস্য: ১নং ওয়ার্ডের দুলাল বেপারী, ২নং ওয়ার্ডের মো. মনির হোসেন শেখ, ৩নং ওয়ার্ডের মো. শফিক ইসলাম রাঢ়ী, ৪নং ওয়ার্ডের মো. হারেস মজুমদার, ৫নং ওয়ার্ডের মো. হারুনুর রশিদ মিয়া, ৬নং ওয়ার্ডের শাহআলম মাঝি, ৭নং ওয়ার্ডের মো. হাবিবুর রহমান টিটু, ৮নং ওয়ার্ডের মো. ফারুক মাঝি ও ৯নং ওয়ার্ডের মো. জহিরুল ইসলাম হাওলাদার।
১৪ মার্চ, ২০২১।
