হাজীগঞ্জে আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্য আটক

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে আটকের কথা জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১। গত বুধবার (১০ মার্চ) দিবাগত রাতে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের বাজনাখাল চানপুর গ্রামের বকাউল বাড়ি থেকে মো. রায়হান বকাউল (১৯) কে আটক করা হয়। সে ওই গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। ২০১৫ সালের ২৫ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ ঘোষণা করে।
আটক মো. রায়হান বকাউলের কাছ থেকে উগ্র মতবাদের বই এবং লিফলেট পাওয়ার কথা জানিয়ে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রায়হান বকাউল নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের একজন সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। বৃহস্পতিবার সকালে রায়হানকে হাজীগঞ্জ থানায় সোপর্দ করে র‌্যাব। এরপর পুলিশ তাকে আদালত পাঠালে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠায়।
মো. রায়হান বকাউল নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) আদর্শিক নেতা জসিম উদ্দিন রহমানির বিভিন্ন বয়ানে উদ্বুদ্ধ হয়ে আনসারুল্লাহ বাংলা টিমে যোগদান করে বলে র‌্যাবকে জানায়। পরবর্তীতে সে চাঁদপুর ও কুমিল্লা এলাকায় সদস্য সংখ্যা বাড়ানোর জন্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শিক্ষিত ও সমমনা তরুণদের উগ্রবাদী মতাদর্শে উদ্বুদ্ধ করে।
মো. রায়হান বকাউল আরো জানায় যে, চাঁদপুর ও কুমিল্লার আশপাশের বিভিন্ন স্থানে বেশ কয়েকবার স্ব-শরীরে ও অনলাইনে মিলিত হয়ে সংগঠনের জন্য তহবিল সংগ্রহ করে বিভিন্ন ধরণের নাশকতামূলক কর্মকান্ড করার পরিকল্পনা করছিল। এদিকে হাজীগঞ্জ থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য আটক হওয়ায় সচেতন অভিভাবকদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।
আতঙ্কিত না হয়ে, অভিভাবকদের আরো বেশি সচেতন ও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানিয়েছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি বলেন, আমার বা আপনার সন্তান কোথায় যায়, কার সাথে চলাফেরা করে, হঠাৎ তার আচরণে পরিবর্তন দেখা গেছে কিনা, কিংবা বসতঘরে তার (সন্তান) কক্ষের দরজা বা জানালা সবসময় বন্ধ রাখে কিনা ইত্যাদি বিষয়গুলো গুরুত্বের সাথে দেখতে হবে।
তিনি আরো বলেন, আপনার এলাকায় নতুন কোন লোকের আনাগোনা আছে কিনা অথবা কোন ব্যক্তি নতুন করে কোন মতবাদ বা আদর্শের কথা বলে কিনা এসব লক্ষ্য করতে হবে। আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। অস্বাভাবিক বা সন্দেহজনক কোন কিছু দেখলে পুলিশকে তাৎক্ষনিক তথ্য দিতে হবে।
১৪ মার্চ, ২০২১।