স্টাফ রিপোর্টার
অভয়াশ্রম চলাকালীন সময়ে নদীতে মা ইলিশ রক্ষায় অভিযানে পুলিশের উপর জেলেরা হামলা করেছে। হামলায় ৫ পুলিশ সদস্য ও ৫ জন জেলেসহ মোট ১০ জন আহত হয়েছেন। এসময় ২ হাজার ৩৪৭ মিটার কারেন্ট জাল ও ১টি নৌকা জব্দ করা হয়। রোববার (১৬ অক্টোবর) রাত ৯টায় চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীরচর নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেনঃ চাঁদপুর নৌ-থানার এসআই রেদওয়ান, কন্সটেবল আলিম, বখতিয়ার, আলী আকবর ও শরিফুল। আর আহত জেলেরা হলেনঃ ইমরান সরকার, শাহজালাল, কামরুল, ওয়াজ কুরুনি, রাজিব। আহতরা সবাই চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নেন।
অভিযানে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম ফখরুল, নৌ-থানা পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলে ইমরান সরকার জানায়, আমরা মতলব উত্তর উপজেলার চিরারচর ঘাট থেকে সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের লক্ষিরচর নামক স্থানে নদীতে মাছ ধরতে যাই। এ সময় হঠাৎ করে নৌ পুলিশ ও কোস্টগার্ড আমাদের এলোপাথাড়ি মারধর করে। এতে আমাদের সাথে থাকা শাহজালাল, কামরুল, ওয়াস কুরুনি ও রাজিব আহত হয়। নৌকায় থাকা বাকি আল-আমিন, হানিফ, মাসুদ ও জাহিদ নামের অন্য জেলেরা লাফিয়ে পানি পড়ে যায়।
সে আরো জানায়, আমাদের নৌকার সামনে থাকা অন্য একটি নৌকার লোকজন পুলিশের উপর হামলা করে তারা পালিয়ে যায়। পরে পুলিশ তাদের নৌকাকে ধাওয়া করে না পেয়ে আমাদের নৌকা কে থামাতে বললে আমরা নৌকা থামাই।
চাঁদপুর নৌ-থানার ওসি মো. কামরুজ্জামান, মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে নৌ পুলিশ ও কোস্টগার্ড যৌথ অভিযান করে। লক্ষ্মীরচর এলাকায় জেলেরা হঠাৎ আমাদের উপর হামলা চালায়। জেলেদের ছোঁড়া ইট-পাটকেল এর আঘাতে ৫ পুলিশ আহত হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, মা ইলিশ রক্ষা অভিযানের আগেও জেলেদের হামলায় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়। সে ঘটনায় পুলিশ অজ্ঞাতনামা ৫০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।
১৭ অক্টোবর, ২০২২।
