সজীব খান/মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলার নব-নির্বাচিত ২১ জন ইউপি চেয়ারম্যান শপথ নিয়েছেন। বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হাজীগঞ্জের ১১ জন ও শাহরাস্তি উপজেলার ১০ জন ইউপি চেয়ারম্যানকে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এরপর তিনি নব-নির্বাচিত চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, ইউনিয়ন পরিষদ এখন উন্নয়নের কেন্দ্রবিন্দু। তাই নব-নির্বাচিত চেয়ারম্যানরা সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। জনপ্রতিনিধিরা সব সময় চাপের মুখে থাকেন। জনগণকে নিয়ে জনপ্রতিনিধিদের কাজ করতে হচ্ছে, জনগণের সাথে জনপ্রতিনিধিরা আছে এবং থাকবো। রাষ্ট্রের সব কাজ ইউনিয়ন পরিষদে হচ্ছে।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের সময় প্রতিটি ইউনিয়নে সুন্দর ও স্বচ্ছ নির্বাচন হয়েছে। জনগণের প্রত্যক্ষ ভোটে চেয়ারম্যান ও মেম্বাররা নির্বাচন হয়েছেন। তাই জনগণের আশার আলো হয়েই সবাইকে কাজ করতে হবে।
তিনি বলেন, চেয়ারম্যানরা সবার জনপ্রতিনিধি। তাই কে কোন দলের, কে ভোট দেয় না, তা না ভেবে সবার জন্য কাজ করতে হবে। শপথের পর থেকেই চেয়ারম্যানরা আপনাদের দায়িত্ব নিতে পারবেন, তবে মেম্বারদের শপথের পর পুরো পরিষদ এক সাথে দায়িত্ব নিলে ভাল হবে। বর্তমান সরকার মহিলা সদস্যদেরও সমানভাবে মূল্যায়ন করার নির্দেশনা দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের ক্ষমতায়নের কথা বলেছে। তাই তাদেরও যথাসমান মূল্যায়ন করে পরিষদের সব কার্যক্রম করতে হবে।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত শক্তিশালী করতে হবে। গ্রাম আদালতের অনেক ক্ষমতা দেওয়া হয়েছে। গ্রাম আদালতের মামলাগুলো ন্যায়ভাবে সমাধান করতে হবে। কোন প্রকার চাপ কিংবা হিংসা নিয়ে বিচার কার্যক্রম করা যাবে না। ইউনিয়ন পরিষদের কার্যক্রম সঠিকভাবে করতে হবে, গ্রাম্য আদালতকে সঠিকভাবে পরিচালনা করতে হবে। পরিষদে নাগরিকের ওয়ারিশান ও নাগরিক সনদ সঠিকভাবে করতে হবে, ভুয়া ওয়ারিশান দিয়ে কাউকে পরিবারের সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে না। নাগরিকের তথ্য সঠিকভাবে নিতে হবে। ইউনিয়নের ভিজিএফ, ভিজিডি, প্রতিবন্ধী, বয়স্কসহ সব প্রকার কার্ড সঠিক লোকদের দিতে হবে। সরকারের উন্নয়নগুলো জনসম্মুক্ষে তুলে ধরতে হবে। ইউনিয়নের ডিজিটাল সেন্টারের সব সেবাগুলো সঠিকভাবে দিতে হবে। সব সেবাগুলো যথাযথভাবে পালন করতে হবে। সবাই যদি সততা ও নিষ্ঠার সাথে কাজ করলে আমরা একটা সুন্দর চাঁদপুর সবাইকে উপহার দিতে পারবো।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দাউদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, কালচোঁ দক্ষিণ ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, শাহরাস্তি উপজেলার রায়শ্রী ইউপি মোশারফ হোসেন।
অনুষ্ঠানে শপথগ্রহণ করেন- হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ আ. হাদি মিয়া, বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, কালচোঁ উত্তর ইউপি চেয়ারম্যান মো. মানিক হোসেন প্রধানীয়া, কালচোঁ দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা স্বপন, হাজীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া, বড়কুল পূর্ব ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, বড়কুল পশ্চিম ইউপি চেয়ারম্যান নুরুল আমিন (হেলাল) মিজি, হাটিলা পূর্ব ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, গর্ন্ধব্যপুর উত্তর ইউপি চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল, গর্ন্ধব্যপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু, হাটিলা পশ্চিম ইউপি চেয়ারম্যান আলহাজ একেএম মজিবুর রহমান।
শাহরাস্তি উপজেলার- সুচিপাড়া উত্তর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, সুচিপাড়া দক্ষিণ ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন আহমদ হেলাল, চিতোষী পূর্ব ইউপি চেয়ারম্যান আলম বেলাল, চিতোষী পশ্চিম ইউপি চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর, রায়শ্রী উত্তর ইউপি চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, রায়শ্রী দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো. আ. রাজ্জাক, মেহের উত্তর ইউপি চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মজুমদার, মেহের দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন, টামটা উত্তর ইউপি চেয়ারম্যান মো. ওমর ফারুক দর্জি ও টামটা দক্ষিণ ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম মানিক।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর (২০২১) হাজীগঞ্জের ১১টি এবং শাহরাস্তি উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে হাজীগঞ্জে ১১জন চেয়ারম্যানের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ৬জন ও স্বতন্ত্র ৫জন বিজয়ী নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র ৫ জনের মধ্যে আওয়ামী লীগের ২ জন বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছেন।
অপরদিকে শাহরাস্তি উপজেলায় ১০জন চেয়ারম্যানের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ৫জন ও স্বতন্ত্র ৫জন নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র ৫ জনের মধ্যে আওয়ামী লীগের ২ জন বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছেন।
১০ ফেব্রুয়ারি, ২০২২।
