
স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার শাহতলী গ্রামে দুই দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে। চোরের দল দোকানের তালা ভেঙ্গে মালামাল পিকআপে করে নিয়ে গেছে। ঘটনা ঘটেছে গত রোববার গভীর রাতে শাহতলী জিলানী চিশতী কলেজের উত্তর পাশে পাটওয়ারী বাড়ি জামে মসজিদের সামনের রাস্তার পাশের দোকানগুলোতে।
এলাকাবাসী জানান, সেখানে ৭/৮টি দোকান আছে। চুরি হয়েছে সবচেয়ে বড় মুদি ও স্টেশনারী দোকান এবং একটি ঔষধের দোকানে।
মুদি দোকানের মালিক সুমন খান জানান, চোরের দল তার দোকান থেকে নগদ ১৭ হাজার টাকাসহ প্রায় এক লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
ঔষধের দোকান মালিক মাও. আব্দুল হালিম জানান, তার দোকানের দামী প্রায় ৫০/৬০ হাজার টাকার ঔষধ এবং নগদ কিছু টাকা নিয়ে গেছে। চুরির ঘটনা চাঁদপুর মডেল থানাকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।
