সজীব খান
জেলা কারাগার থেকে শাহতলী সিএনজি স্টেশন পর্যন্ত সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। এতে পথচারীসহ আশপাশের মানুষগুলোর চলাচলের মারাত্মক ব্যাঘাত ঘটছে। সড়কের আশপাশ দিয়ে পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকার কারণে এ সড়কে বৃষ্টি হলেই পানিবন্দি হচ্ছে। চলতি বর্ষা মৌসুমে টানা বর্ষণে শাহতলী সিএনজি স্টেশনে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্তমানে আশপাশের মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
শাহতলী জেলা কারাগার সড়ক দিয়ে প্রতিদিন শত-শত শিক্ষার্থী, পথচারী, চাকরিজীবী, দিনমজুর আসা-যাওয়া করেন। এছাড়া এ সড়কটি দিয়ে প্রতিনিয়ত ছোট-বড় বিভিন্ন ধরনের কয়েক শতাধিক যানবাহন চলাচল করছে। কিন্তু শাহতলী সিএনজি স্টেশনে আসলেই দুর্ভোগের কবলে পড়তে হচ্ছে তাদের। এখানে জলাবদ্ধতা থাকার কারণে পথচারীসহ সর্বস্তরের মানুষের মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।
এখানেই শেষ নয়, মৈশাদী পরিষদ গেট থেকে ছোট সুন্দর বাজার পর্যন্ত সড়কটি যেন মরণফাঁদে পরিণত হয়েছে। পুরো সড়কেই খানাখন্দ সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। সড়কটির বেহাল দশায় মানুষের দুর্ভোগের কোন কমতি নেই। সড়কটির সোলিং উঠে বড়-বড় গর্ত সৃষ্টি হয়েছে। এতে করে রিক্সা, ভ্যান, সিএনজিসহ ভারী যান চলাচলের সীমাহীন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, এ সড়কটি চাঁদপুর সদরের প্রাণকেন্দ্র হলেও দীর্ঘদিন মেরামতের কোন উদ্যোগ নেননি কর্তৃপক্ষ। টানা দু’দিন বৃষ্টি হলেই সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। আশপাশে পানি নিষ্কাশনেরও কোন ব্যবস্থা নেই। তাই বৃষ্টি হলেই জলাবদ্ধতার কারণে পায়ের জুতা খুলে চলাচল করতে হয়।
তারা সড়কটি দ্রুত মেরামতের জন্য এলাকাবাসী চাঁদপুর-হাইমচর নির্বাচনী এলাকার সংসদ সদস্য, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
২৭ আগস্ট, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- শাহতলী সিএনজি স্টেশনে বৃষ্টি হলেই জলাবদ্ধতায় জনদুর্ভোগ
