শাহরাস্তিতে ৬ চেয়ারম্যান প্রার্থীর বাতিল মনোনয়ন আপিলে বৈধ

আবু মুছা আল শিহাব
শাহরাস্তি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাতিল হওয়া চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা। মনোনয়নপত্র দাখিলের পর গত ২৯ নভেম্বর রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন। এতে বর্তমান দুই চেয়ারম্যানসহ ৬ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন উপজেলা রিটার্নিং কর্মকর্তারা। মনোনয়নপত্র বাতিল হওয়ার পর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আপিল করেন তারা।
গত ৩ ডিসেম্বর সকাল ১১টায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আপিল শুনানি হয়। এতে বাতিল হওয়া ৬ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. তোফায়েল হোসেন।
মনোনয়নপত্র ফিরে পেয়েছেন রায়শ্রী উত্তর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সেলিম পাটোয়ারী লিটন, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবু হানিফ, মেহের উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম রনি, সূচীপাড়া উত্তর ইউনিয়নের মনির হোসেন ও রায়শ্রী উত্তর ইউনিয়নের সাইফুল ইসলাম।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী গত ২৯ নভেম্বর ছিল যাচাই-বাছাইয়ের তারিখ, ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর ছিল আপিল, ৩ থেকে ৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি, ৬ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার, ৭ ডিসেম্বর প্রতিক বরাদ্দ ও ২৬ ডিসেম্বর রোববার ভোটগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

০৫ ডিসেম্বর, ২০২১।