চাঁদপুরে দু’টি ভবনে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় জরিমানা

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের মিশন রোড এলাকার সফিকুর রহমান পাটওয়ারীর মালিকানাধীন পাটওয়ারী প্লাজার ২টি ভবনে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ উন্নয়ন ও বিক্রয় কেন্দ্র (পিডিবি)। গত বুধবার প্রায় ৪ ঘণ্টাব্যাপী চাঁদপুর বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীর নির্দেশে অবৈধ সংযোগ বিচ্ছিন্নে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর বিদ্যুৎ উন্নয়ন ও বিক্রয় কেন্দ্রের সহকারী প্রকৌশলী মো. মুকতাদির ও সাইফুল ইসলামসহ অন্যরা।
চাঁদপুর বিদ্যুৎ উন্নয়ন ও বিক্রয় কেন্দ্রের সহকারী প্রকৌশলী মো. মুকতাদির ও সাইফুল ইসলাম জানান, শহরের মিশন রোড এলাকার সফিকুর রহমান পাটওয়ারীর মালিকানাধীন পাটওয়ারী প্লাজায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় সফিকুর রহমান পাটওয়ারী আমাদের বলেন, এই ভবনে কোন অবৈধ সংযোগ নেই। পাশের ভবনে অবৈধ সংযোগ আছে বলে আমাদের সেই ভবনে নিয়ে যায়। সেখানে গিয়ে দেখা যায় অতিরিক্ত তারের মাধ্যমে এসি ও মোটর ব্যবহার করে।
পরে পাটওয়ারী প্লাজায় ঘুরে দেখা যায়, আম্বারা ইন্টারনেট অফিস আবাসিক মিটার দিয়ে পরিচালনা করে। ২টি ভবনে চুরি করে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় সংযোগ বিচ্ছিন্ন করে মিটার নিয়ে আসা হয়। অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করায় ২ মিটারে প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে এ বিষয়ে বিদ্যুৎ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, এর আগেও সফিকুর রহমান পাটওয়ারীর মালিকানাধীন পাটওয়ারী প্লাজায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় ৩০টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

০৫ ডিসেম্বর, ২০২১।