পানির অভাবে এলাকাবাসীর চরম দুর্ভোগ
স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরতলীর শাহাতলী গ্রামের শেখ বাড়িতে স্থাপিত ৫০টি পরিবারের ২শ’ মানুষের ব্যবহৃত আর্সেনিক মুক্ত কলটি চুরি হয়ে গেছে। এতে করে ঐ এলাকার শত-শত এলাকাবাসী বিশুদ্ধ পানির অভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ঘটনাটি ঘটেছে গত রোববার গভীর রাতে শাহাতলীর শানে মদিনা জামে মসজিদ ও শাহাতলী খানকা শরীফ সংলগ্ন মৃত মুক্তিযোদ্ধা শেখ মো. নূরুল ইসলাম শেখের বাড়িতে। এ ঘটনা চাঁদপুর মডেল থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।
এ কলটি চাঁদপুর সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রায় ১ বছর আগে এলাকাবাসীর সুবিধার্থে বসানো হয়েছিল। এটি বসাতে সরকারের ৪০ হাজার টাকা ব্যয় হয়েছে বলে চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান মো. সফিকুজ্জামান জানান।
এলাকাবাসী জানান, গত রোববার সারা দিন শত-শত এলাকাবাসী এ কল থেকে পানি নিয়ে সংগ্রহ করে পান করেছে। রোববার সন্ধ্যায়ও কলটি ছিল। কলটি শিকল দিয়ে তালা লাগিয়ে রাখা হয়েছিলো। গভীর রাতে চোরের দল এ কলটি যন্ত্রের মাধ্যমে কেটে নিয়ে গেছে।
খবর নিয়ে জানা যায়, শাহাতলী খানকা শরীফ এলাকার ৮/১০টি বাড়ির প্রায় ৫০টি পরিবারের প্রায় ২০০শ’ মানুষ এখান থেকে প্রতিদিন আর্সেনিক মুক্ত পানি নিয়ে পান করে সুস্থ জীবন-যাপন করে যাচ্ছিল। এছাড়া এলাকায় যেসব টিউবয়েল (চাপকল) রয়েছে সব কলের পানিতে আর্সেনিক থাকায় সে পানি পান করতে পারছে না এলাকাবাসী।
এলাকাবাসীরা আরো জানান, চাঁদপুর সদর উপজেলা পরিষদ থেকে চেয়ারম্যান অতিদ্রুত একটি আর্সেনিক মুক্ত কলের উপরের অংশ (মাথা) ব্যবস্থা করে দিলে এলাকাবাসী খুবই উপকৃত হবে।
