
স্টাফ রিপোর্টার :
কচুয়া উপজেলার উজানী হাজি আমির উদ্দিন আলেকজান উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগে অনিয়মের অভিযোগে দ্বিতীয় দিনেও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার এই ঘটনায় উজানী বাজারে বিপুলসংখ্যক অভিভাবক, স্থানীয় জনগণ ও বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্যরা সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে।
বিক্ষোভ শেষে সমাবেশে বক্তারা বলেন, প্রধান শিক্ষক স্বপন কুমার সরকার তার পছন্দের প্রার্থীকে নিয়োগ দেয়ার জন্য নিজের সুবিধামত নিয়োগ কমিটি গঠন করে। তাছাড়া এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপে অতিরিক্ত ফি আদায়সহ বিভিন্ন অনিয়মের সাথে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জড়িত বলে উল্লেখ করেন। তাই তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থাগ্রহণ ও সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি জানান।
এসময় বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য সেলিম, মনির হোসেন, আলমগীর হোসেন, আ. মালেক, উপজেলা যুবলীগের সদস্য আবু সাইদ খান, ইউনিয়ন যুবলীগের সভাপতি দুলাল খান, যুবলীগ নেতা ফখরুলসহ স্থানীয়রা।
উল্লেখ্য, গত সোমবার বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে ওইদিন উজানী বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কিন্তু বিধি অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত নিয়ে নিয়োগ কমিটি গঠন করা হয়েছে বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন সরকার জানান।
