শেখ হাসিনাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন দেশের এবং মানুষের কল্যাণের জন্য : ডা. দীপু মনি এমপি

চাঁদপুর সদর ও পৌর ইমামদের সাথে মতবিনিময়

এস এম সোহেল :
চাঁদপুর সদর, পৌর ও হাইমচর উপজেলার মসজিদের ইমামদের সাথে মতবিনিময় করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি। গতকাল শনিবার সকাল, বিকেল এবং রাতে তিনি এ মতবিনিময় করেন। সকাল ১১টায় এবং রাত ৮টায় চাঁদপুর সদরের ১৪টি ইউনিয়ন ও চাঁদপুর পৌর এলাকার প্রায় সব মসজিদের ইমামদের সাথে এবং বিকেলে হাইমচর উপজেলার মসজিদের ইমামদের সাথে তিনি এ মতবিনিময় করেন। চাঁদপুর সদর ও পৌর এলাকার ইমামদের সাথে মতবিনিময় করেন তাঁর বাসায় আর হাইমচরের ইমামদের সাথে মতবিনিময় করেন উপজেলা ডাকবাংলোতে। সব মিলিয়ে প্রায় হাজারের মতো ইমাম ডা. দীপু মনির সাথে মতবিনিময় সভায় অংশ নেন। দীর্ঘ সময় নিয়ে ইমামদের সাথে ডা. দীপু মনির এ মতবিনিময় সভা অত্যন্ত আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মতবিনিময় সভা শুরু হয়।
ডা. দীপু মনি এমপি তার বক্তব্যের শুরুতে সব ইমামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তার আহ্বানে সাড়া দিয়ে মতবিনিময় সভায় উপস্থিত হওয়ার জন্যে। তিনি ইমামদের উদ্দেশে বলেন, আপনারা রাব্বুল আলামীনের পক্ষ থেকে এমন এক মর্যাদাপূর্ণ এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, যেটি সমাজের সবচেয়ে সম্মান এবং পবিত্রতম দায়িত্ব। এ সমাজে এখনো আপনাদের একটি কথা, আদেশ, উপদেশকে অনেক গুরুত্ব দেয়া হয়। সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় এবং কল্যাণকর কাজে আপনাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্র্ণ। তিনি স্বাধীন বাংলাদেশ এবং দেশের বর্তমান অবস্থার প্রেক্ষাপট তুলে ধরে বলেন, আপনারা সকলেই জানেন যে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে। আর তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৬ সাল থেকে ২০০১ এবং ২০০৯ থেকে বর্তমান ২০১৮ সাল পর্যন্ত এ বাংলাদেশ কোথা থেকে কোথায় এসেছে তাও আপনারা জানেন। আমরা এখন আমাদের পাশর্^বর্তী দেশ ভারত থেকেও অনেকদিক দিয়ে এগিয়ে। আর পাকিস্তানের জনগণ তো এখন বলছে তাদের দেশ ঘুরে দাঁড়াতে বাংলাদেশকে অনুসরণ করতে। অর্থাৎ বাংলাদেশ কীভাবে এগিয়ে যাচ্ছে সে পন্থা অনুসরণ করতে সে দেশের জনগণ তাদের সরকারকে পরামর্শ দিচ্ছে।
শেখ হাসিনার প্রসঙ্গে বলেন, আমরা এমন একজন নেত্রী পেয়েছি, যিনি প্রতিদিন তাহাজ্জুদের সময় থেকে শুরু করে রাতে ঘুমানোর আগ পর্যন্ত শুধু মানুষের কল্যাণের কথা ভাবেন। আর আল্লাহ রাব্বুল আলামীনও তাঁকে বাঁচিয়ে রেখেছেন দেশের এবং মানুষের কল্যাণের জন্যে। এ পর্যন্ত বিশবার তাঁকে হত্যার চেষ্টা ও ষড়যন্ত্র করা হয়েছিলো। মৃত্যুর মুখোমুখি থেকে আল্লাহ তাঁকে রক্ষা করেছেন।
তিনি আরো বলেন, আমি আমার পরিবার এবং বঙ্গবন্ধু ও নেত্রীর কাছ থেকে যে শিক্ষা পেয়েছি, সে শিক্ষা কাজে লাগিয়ে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি। আর মানুষের কল্যাণ করার কথা আল্লাহ কোরআন শরীফে অনেক জায়গায় বলেছেন এবং প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আজানেও কল্যাণের পথে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। আপনারা আমাকে সুযোগ দিয়েছেন বলেই বিগত দশ বছর আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি। আমার এটুকু দৃঢ় বিশ^াস যে, আমার জন্যে আপনাদের কোথাও কোনো সম্মানের হানী হয়নি বা আপনাদের ছোট হতে হয়নি। আর আপনাদের জন্যে যদি কাজ করে থাকি, তাহলে আগামীতেও আপনাদের সেবা করার জন্যে দোয়া, সমর্থন ও সহযোগিতা চাচ্ছি। যে নৌকা প্রতীকে আমরা আমাদের মাতৃভাষা পেয়েছি, আমাদের স্বাধীনতা পেয়েছি, সে নৌকায় আপনাদের মূল্যবান ভোট প্রার্থনা করছি।
ডা. দীপু মনি এমপি ইমামদের দাবির প্রেক্ষিতে বলেন, দুই ঈদে বোনাস পাওয়া আপনাদের একেবারেই ন্যায্য দাবি। প্রধানমন্ত্রীর সাথে আমি খুব সহসা এ বিষয়টি নিয়ে আলাপ করে আপনাদের এ ন্যায্য দাবিটি পূরণ করতে চেষ্টা করবো। আপনারা আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমার জন্য দোয়া করবেন।
অনুষ্ঠানে ইমামদের পক্ষে বক্তব্য রাখেন সদর উপজেলার রামপুর ইউনিয়নের বায়তুল আমিন জামে মসজিদের খতিব মাও. মো. হাসানুজ্জামান।
সবশেষে মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সব শহীদ ও জেলহত্যা দিবসের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে এবং শেখ হাসিনা ও ডা. দীপু মনি এমপির সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিষ্ণুপুর ইউনিয়নস্থ মদিনাবাজার জামে মসজিদের খতিব মাও. মুফতি আবু বকর বিন ফারুক।
চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজীর পরিচালনায় মতবিনিময় সভায় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, সদস্য নূরুল ইসলাম নাজিম দেওয়ান প্রমুখ।