শৈত্য প্রবাহ তীব্র হতে পারে


স্টাফ রিপোর্টার
ডিসেম্বরের পর আবারো সারাদেশে শৈত্য প্রবাহ শুরু হয়েছে। দেশের কিছু অঞ্চলে শৈত্য প্রবাহ গতকাল মঙ্গলবার অব্যাহত রয়েছে। এই শৈত্য প্রবাহ ও শীত আরও তীব্র হতে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর আগেই আভাস দিয়েছিলো জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ৩টি শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে। তা সোমবার থেকেই শুরু হয়েছে গেছে। গতকাল বুধবার দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আর সকাল ৭টা পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ অঞ্চলের আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া মঙ্গলবার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা ছিলো। দুপুরের পর রোদের দেখা মিললেও বিকেলের পর থেকে ঠান্ডা বাতাস বইছে। আজ বুধবার দিনের তাপমাত্রা বেড়ে শীতের দাপট কিছুটা কমতে পারে। তবে রাতের তাপমাত্রা কমে শীতের প্রকোপ বাড়তে পারে।
এদিকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা আছে, দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আগামি দুই দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। তার পরবর্তী পাঁচ দিনের প্রথমার্ধে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানায় আবহাওয়া অফিস।
এদিকে শৈত্য প্রবাহের কারণে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। ঘন কুয়াশায় ঢেকে থাকছে দিনের বেশিরভাগ সময়। তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে নিউমোনিয়া, জ্বর ও কাশিতে। এছাড়া কুয়াশার কারণে পদ্মা ও মেঘনায় নৌযান চলাচল বিঘ্নিত হচ্ছে।