
ইল্শেপাড় ডেস্ক
গত ১২ মাসে শিক্ষা মন্ত্রণালয়ে ৫২টি অর্জন হয়েছে বলে দাবি করা হয়েছে। সে হিসেবে প্রতিমাসে চারটির বেশি অর্জন এ মন্ত্রণালয়ের। এসব অর্জনের কথা আনুষ্ঠানিকভাবে জাতির কাছে তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
গত সোমবার সকাল ১০টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে বলে জানিয়েছে তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।
জানা গেছে, গত এক বছরে শিক্ষা মন্ত্রণালয়ের ৫২টি অর্জন হয়েছে বলে দাবি করা হয়েছে। অর্জন খুঁজতে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের সকল দফতর-সংস্থার প্রধানদের নিয়ে ১৬ সদস্যের কমিটি গঠন করা হয়। এ কমিটি বিভিন্ন অর্জন তুলে আনে।
এসব অর্জনের মধ্যে রয়েছে, নতুন ২ হাজার ৭শ’ ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ইউনেস্কোর সাথে যৌথভাবে সারা বিশ্বে পালনের বিষয়ে ইউনেস্কোর সম্মতি আদায়, পাবলিক ও বিশেষায়িত বিশ্ববিদ্যালয়সহ প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে নির্দেশিকা প্রণয়নের উদ্যোগ, ২০২০ সাল থেকে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ৬শ’ ৪০টি স্কুলে কারিগরি শিক্ষার ব্যবস্থাসহ ২০২১ সাল থেকে মাধ্যমিকের সব ক্লাসে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা, প্রশ্নফাঁস ও গুজব প্রতিরোধ করা হয়েছে এবং নির্ধারিত সময়ের আগেই এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা।
এছাড়া শিক্ষা প্রকৌশল অধিদফতরের মাধ্যমে ১৩ হাজার স্কুল, কলেজ ও মাদরাসার নতুন ভবনের কাজ শুরু, শিক্ষা প্রকৌশল অধিদফতরে ২ হাজার ৪শ’ ৯৪ জন নতুন জনবল অর্গানোগ্রামে অন্তর্ভুক্ত করা, চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম যুগোপযোগী করার লক্ষ্যে পরিমার্জনের কাজও অর্জন হিসেবে তুলে ধরা হয়েছে।
