শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেলেন হাজীগঞ্জের ওসি

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ উপজেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় গত সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে পুলিশ সুপার মো. মিলন মাহমুদের হাত থেকে তিনি এ সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলামের উপস্থাপনায় এদিন পুলিশ লাইন্স, ড্রিলশেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভার শুরুতেই নিহত চাঁদপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেনের মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এরপর অভিন্ন মানদন্ডের আলোকে বিভিন্ন ক্যাটাগরিতে সেপ্টেম্বর মাসে সফলতা অর্জনকারী কর্মকর্তা ও সদস্যের মাঝে সম্মামনা ক্রেস্ট প্রদান করা হয়।
জানা গেছে, এদিন পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদন্ডের আলোকে সর্বাধিক নম্বর প্রাপ্ত এবং ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এতে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ পুলিশ সুপার মো. মিলন মাহমুদের হাত থেকে সম্মামনা ক্রেস্ট গ্রহণ করেন।
এছাড়া জেলার শ্রেষ্ঠ এসআই হিসাবে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. ইউনুস মিয়া ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ওয়ারেন্ট তামিলে বিশেষ পুরষ্কার হিসাবে সম্মামনা ক্রেস্ট গ্রহণ করেন একই থানার এএসআই মো. রেজাউল করিম। এসময় বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার প্রদান শেষে পুলিশ সুপার মো. মিলন মাহমুদ উপস্থিত অফিসার ও ফোর্সের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীনসহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

১২ অক্টোবর, ২০২২।