চাঁদপুর সদর উপজেলার সব কটি তথা ৪৪টি কমিউনিটি ক্লিনিকে একযোগে সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রতিটি কমিউনিটি ক্লিনিক এলাকার নির্ধারিত কিছু শিক্ষার্থী এ প্রশিক্ষণ নেয়। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় ৪৪টি কমিউনিটি ক্লিনিকে একযোগে এই প্রশিক্ষণ শুরু হয়। সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এই প্রশিক্ষণ সম্পন্ন হয়।
সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্ণধার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিন তরপুরচণ্ডী ইউনিয়নস্থ কাশিমবাজার কমিউনিটি ক্লিনিকে নিজে উপস্থিত থেকে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন। এখানে তাঁর সাথে আরো উপস্থিত ছিলেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, স্বাস্থ্য পরিদর্শক মনির হোসেন তালুকদার, বিমল কান্তি সেন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারী। এছাড়া অন্যান্য কমিউনিটি ক্লিনিকে ইউনিয়নভিত্তিক সহকারী সার্জন/মেডিকেল অফিসার, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা উপস্থিত ছিলেন। এদের তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ সম্পন্ন হয়। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী এ প্রশিক্ষণে অংশ নেয়।
সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সময়োপযোগী খুবই গুরুত্বপূর্ণ এমন একটি কর্মসূচি বাস্তবায়ন করায় সচেতন জনগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। এই প্রশিক্ষণে প্রশিক্ষকগণ হাত ধোয়ার সঠিক পদ্ধতি সরাসরি শিক্ষার্থীদের শিখিয়ে দেন।
এদিকে এই প্রশিক্ষণ কর্মসূচি উপলক্ষে কমিউনিটি ক্লিনিকগুলোকে অনেকটা বর্ণিল সাজে সাজানো হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরাও বেশ উৎসাহ নিয়ে হাত ধোয়ার সঠিক পদ্ধতি শিখে নেয়।
০১ নভেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- সদর উপজেলার সব ক’টি কমিউনিটি ক্লিনিকে সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার প্রশিক্ষণ
