সনাক-চাঁদপুরের দুর্নীতিবিরোধী তরুণ সমাবেশ

তরুণরাই দুর্নীতিবিরোধী আন্দোলনের প্রধান হাতিয়ার
…অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)

প্রেস বিজ্ঞপ্তি
‘জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য-দুর্নীতি রুখবেই’ এই শ্লোগান নিয়ে সনাক-চাঁদপুরের ইয়েস ফ্রেন্ডস গ্রুপের বিশেষ উদ্যোগের আওতায় দুর্নীতিবিরোধী তরুণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সনাকের সাবেক সভাপতি কাজী শাহাদাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মঈনুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মো. আসাদুজ্জামান ও চাঁদপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুপক রায়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তরুণ সংগঠক বিতার্কিক রাসেল হাসান।
প্রধান অতিথি বলেন, তরুণরাই দুর্নীতিবিরোধী আন্দোলনে প্রধান হাতিয়ার হিসেবে মুখ্য ভূমিকা পালন করতে পারে। একমাত্র তরুণরাই পারে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে। আজকের তরুণরাই আগামি দিনে দেশ পরিচালনা করবে। তরুণরা তাদের ব্যক্তিগত পরিবর্তনের মধ্য দিয়ে সমাজ ও দেশের পরিবর্তন আনবে। প্রবীণের চেয়ে তরুণের সংখ্যাই বেশি। নবীন-প্রবীণের সমন্বয়ে এ সমাজটাকে আরও সুন্দর করতে হবে। সনাক-টিআইবি’র অনেক অনুষ্ঠানে আমি গিয়েছি। অনেক ভালো ভালো কাজ তারা করছে। আমি আশা করছি এই তরুণরাই নিজেকে দুর্নীতিমুক্ত রেখে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ বিনির্মানে কাজ করবে।
তিনি আরও বলেন, তথ্য অধিকার আইনের পাশাপাশি আমাদের আরও অনেক কিছু সম্পর্কে জানতে হবে। প্রত্যেকে যার যার অবস্থান থেকে কাজ করলে এবং নীতি থেকে বিচ্যুত না হলে এসমাজ আরও সুন্দর হবে।
তিনি বলেন, নীতি থেকে বিচ্যুত হওয়ার কোন সুযোগ নেই। প্রতিটি নাগরিকের যে দায়িত্ব রয়েছে যদি আমরা তা মেনে চলি তাহলে দুর্নীতি অনেকাংশেই কমে যাবে। তরুণ প্রজন্মকে তাদের স্ব-স্ব অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে ভূমিকা পালন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, আমি তরুণদের যেকোন ভালো কাজের সাথে আছি। তরুণদের নিয়ে কাজ করতে আমার ভালো লাগে। দুর্নীতিবিরোধী আন্দোলন নিজ থেকেই শুরু করতে হবে। তাহলেই এ সমাজ ও দেশ হবে দুর্নীতিমুক্ত। তিনি বলেন, তরুণদের ভালো মানুষ হওয়ার এবং সমাজের জন্য কিছু করার স্বপ্ন দেখতে হবে এবং এই স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে হবে। তিনি দুর্নীতিবিরোধী কার্যক্রমে সবাইকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে সনাকের সাবেক সভাপতি কাজী শাহাদাত বলেন, আমরা সব তরুণদের একত্রে পাই না। আর পেলেও এভাবে তাদের সামনে কথা বলা হয় না। তরুণরা অনেক সাহসী। আর তরুণরাই পারে দুর্নীতিবিরোধী আন্দোলনকে এগিয়ে নিতে। আমরা যদি নিজেদের লোভ-লালসা থেকে বিরত রাখতে পারি, আমরা যদি যেকোন খারাপ কাজ বা অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারি, আমরা যদি চিত্ত ও বিত্ত দুটোকেই সংযত রাখতে পারি তাহলেই নিজে ভালো থেকে অন্যকে ভালো থাকতে বলতে পারবো।
তিনি বলেন, আমাদের মধ্যে সুনীতির চর্চা করতে হবে। নবীন-প্রবীণের সম্পৃক্ততাই এদেশ ও এ সমাজ হবে দুর্নীতিমুক্ত। তোমরা তোমাদের বিবেক বুদ্ধি দিয়ে এদেশের জন্য কাজ করবে। সনাক-চাঁদপুরের দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মো. আসাদুজ্জামান বলেন, দুর্নীতি দেখতে হলে আমদের চারপাশে তাকালেই চলবে। আমাদের সমাজে অনেকেই সুযোগের অপেক্ষায় থাকে। আমরা হতাশ না, আমরা হতাশ হবো না, দুর্নীতি একদিন প্রতিরোধ হবেই। তিনি আরও বলেন, আপনারা সোস্যাল মিডিয়ায় যখন কোন কিছু পোষ্ট করবেন তখন যাচাই-বাছাই করে পোষ্ট করবেন। আপনারা ভালো মন্দ বিবেচনা করে সোস্যাল মিডিয়ায় কাজ করবেন।
তিনি আরও বলেন, আমাদের পুলিশে অনেক পরিবর্তন হয়েছে। আশা করছি আরো হবে। এই তরুণরাই এদেশের ভবিষ্যত কর্ণধার। এই তরুণ প্রজন্মই একদিন এদেশের হাল ধরবে। দুর্নীতিবিরোধী মনোভাব নিয়ে তরুণদের এগিয়ে যেতে হবে। সমাজ পরিবর্তন এবং দুর্নীতিবিরোধী আন্দোলনে তরুণদেরই সর্বপ্রথম এগিয়ে আসতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুপক রায় বলেন, আমরা যারা আজকের এই সমাবেশে যে যে সংগঠন থেকে এসেছি আমরা যদি নিজ নিজ অবস্থান থেকে নিজ নিজ সংগঠনে দুর্নীতিবিরোধী আন্দোলন ছড়িয়ে দিতে পারি তাহলে এসমাজ থেকে দুর্নীতি অনেকাংশে কমে যাবে। দুর্নীতি করে কখনো ভালো থাকা যায় না। দুর্নীতি করলে জীবনে অনেক জটিলতার জন্ম দেয়। যা কখনো জীবনের জন্য সুখকর নয়। দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও এগিয়ে নিতে হলে তরুণদের এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, আজকের এই সমাবেশে চাঁদপুরের বিভিন্ন সামাজিক সংগঠনের তারকারা এসেছেন। আমি মনে করি, এসব তারকারাই দুর্নীতিবিরোধী আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করতে পারে।
ইয়েস সদস্য দীন মোহাম্মদ দিলরাজ ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপের সহ-দলনেতা অসিমা রাণী দাসের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য ডা. পীযূষ কান্তি বড়ুয়া।
সমাবেশে আলোচক হিসেবে সিটিজের জার্নালিজমের উপর বক্তব্য রাখেন তরুণ সংগঠক ও বিতার্কিক রাসেল হাসান। সনাক-সদস্যদের মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সনাকের সহ-সভাপতি আব্দুল মালেক ও ইসমত আরা সাফি বন্যা। ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস্-এর দুর্নীতিবিরোধী কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান ইয়েস সদস্য রত্না আক্তার, টিআইবি, সনাক ও দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন সম্পর্কে ধারণা প্রদান ও তথ্য অধিকার আইন ও এর বাস্তবায়ন সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা প্রদান করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার মো. মাসুদ রানা। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন সাগর, মৃদুল দাস, ভিভিয়ান ঘোষ, মো. আল আমিন, আফসানা আক্তার তন্বী ও লুৎফুন নাহার লিজা।
অনুষ্ঠানে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান সনাক সদস্য লায়ন মাহমুদ হাসান খান। এছাড়া সনাক সদস্য অধ্যাপক শাহানারা বেগম, রফিক আহমেদ মিন্টু ও অ্যাড. পলাশ মজুমদার, চাঁদপুরের ৩২টি সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সনাক-চাঁদপুরের ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপের সদস্যরা সমাবেশে উপস্থিত ছিলেন।

২৯ আগস্ট, ২০১৯।