স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার সফরমালী উচ্চ বিদ্যালয়ে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের চলছে ফরম ফিলাপ। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ এবারের বোর্ড কর্তৃক নির্ধারিত ফি’র সাথে কোচিং ফি বাধ্যতামূলক করেছে। এ বিষয়ে শিক্ষার্থীদের অভিভাবকের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জানা যায়, বোর্ড কর্তৃক নিধারিত ফি বিজ্ঞান বিভাগ কেন্দ্র ফিসহ ১৯শ’ ৭০ টাকা এবং মানবিক ও ব্যবসা শাখায় ১৮শ’ ৫০ টাকা। নির্ধারিত ফি’র বাইরে বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রী কাছ থেকে ২৯শ’ টাকা, মানবিক ও ব্যবসা শাখার ছাত্র-ছাত্রীদের কাছ থেকে নেয়া হচ্ছে ২৮শ’ টাকা। এছাড়া কোচিং ফি বাবদ ১২শ’ টাকা নির্ধারণ করা হয়েছে।
বোর্ড কর্তৃক নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত ফি ব্যাপারে জানতে চাইলে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোস্তফা বেপারী জানান, যে টাকাটা বেশি নেয়া হচ্ছে তা বিদ্যালয়ের উন্নয়ন কাজে ব্যয় করা হবে এবং কোচিংয়ের টাকা কোচিং শেষে নিবো।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম জানান, ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ফরম ফিলাপের টাকা নির্ধারণ করা হয়েছে। তার কাছে কোচিংয়ের ব্যাপারে জানতে চাওয়া হয় সরকারিভাবে তো কোচিং নিষেধ, তাহলে আপনারা কেন কোচিং করান? তিনি এ প্রতিনিধিকে তার অফিসে যাওয়ার কথা বলে ফোন কেটে দেন। ঐ এলাকার অধিকাংশ লোকই গরিব ও নদী ভাংতি। সচেতন মহলের দাবি অতিরিক্ত ফি’র ব্যাপারে শিক্ষা বিভাগ তথা উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ করুক।
সফরমালী উচ্চ বিদ্যালয়ের অভিভাবকরা এই অনিয়ম অনেকটাই নীরবে সহ্য করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন করেছেন। চাঁদপুরের উন্নয়নের রুপকার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি শিক্ষাখাতকে দুর্নীতিমুক্ত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সচেতন মহলের দাবি শিক্ষা জাতির মেরুদন্ড এই মেরুদন্ডকে কিছু লোকের কারণে ভাঙ্গা যাবে না। তাই শিক্ষা বিভাগ তথা সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষ শিক্ষাখাতে কোন অসাধু শিক্ষক যেন দুর্নীতি না করতে পারে সেদিকে খেয়াল রাখার জন্য অনুরোধ জানিয়েছেন।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- সফরমালী উবিতে অতিরিক্ত ফি আদায়, কোচিং ফি বাধ্যতামূলক
