স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, করোনার অবস্থানে আমরা এখন ভালো অবস্থানে রয়েছি। জেলায় মৃত্যু ও আক্রান্তের হার অনেক কমে এসেছে। বর্তমানে ৩ দশমিক চারে নেমে এসেছে। এটি অবশ্যই ভালো খবর। তবে এটিকে ধরে রাখতে বা শূন্যের কোটায় নামাতে আমাদের স্বাস্থ্যবিধি অবশ্যই মানতে হবে। এর কোন বিকল্প নেই। জেলার উন্নয়ন সমন্বয় সভায় ৬৬ দপ্তরের অংশ নেওয়ার কথা। যারা এসেছেন তারা মূলত স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্যই এসেছেন। জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা সরকারের কাজ করেন। সবাই মিলে আমরা একটি টিম।
তিনি বলেন, চাঁদপুর শহরটা সুন্দর হোক- এটা আমি চাই। সব ভালো কাজেই আমার সহযোগিতা পাবেন। আমি চাই সবাই মিলে চাঁদপুরকে সুন্দর করে গড়ে তুলতে।
জেলা প্রশাসক অন্যান্য বিষয়ে কথা বলতে গিয়ে চাঁদপুর পৌরসভা অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ইজি বাইকের নম্বর প্লেট ডিজিটাল করা হচ্ছে। এছাড়া আগামি ৬-৭ মাসের মধ্যে চাঁদপুর জেলা শহরে যাত্রী ছাউনি এবং গণশৌচাগার নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য তিনি চাঁদপুর পৌরসভার মেয়রকে অভিনন্দন জানান।
চাঁদপুর সেতুর টোল বন্ধ করার বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, তিনি উর্ধ্বতন মহলে এ সম্পর্কিত চিঠি পাঠিয়েছেন। জেলা প্রশাসকও সভায় জানান, তার অফিস থেকেও একটা চিঠি প্রেরণ করা হয়েছে। সভাপতি পাউবো প্রকৌশলীকে জোর তাগিদ দেন যেন শহর রক্ষায় যে স্থায়ী প্রকল্প গ্রহণ করা হয়েছে, সেটির সমীক্ষাসহ যাবতীয় কাজ যেন দ্রুত সম্পাদন হয়। আর বর্ষার প্রায় শেষ নাগাদ যেন নদী কোনভাবেই আঘাত হানতে না পারে, সে ব্যবস্থার প্রস্তুতি রাখতে হবে। পাউবোর নির্বাহী প্রকৌশলী জানালেন, ঐরকম প্রাথমিক ব্যবস্থা তাদের আছে।
জেলা প্রশাসক বলেন, অনেকদিন পর বিদ্যালয় খুলেছে। বিদ্যালয় বন্ধ না হয়ে যায়, সেজন্য স্কুল ম্যানেজিং কমিটি, জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা প্রয়োজন। যাতে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ে আসতে পারেন। অপরদিকে শাহরাস্তিতে প্রতিবন্ধী স্কুল ছাত্রীর টয়লেটে আটকাপড়া বিষয়ে সবাইকে সচেতন করেন। যাতে পুনরায় আর এ ধরনের ঘটনা না ঘটে। সবার সহযোগিতা থাকলে চাঁদপুরকে আমরা একটি সুন্দর পরিবেশ দিতে পারবো বলে তিনি আশা ব্যক্ত করেন।
এছাড়া জেলা প্রশাসক যুব উন্নয়ন, বিআরডিবি, বিআইডব্লিউটএ, পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম নিয়ে ব্যাপক আলোচনা করেন। তিনি বলেন, রেলের জায়গায় অনেকেই মাছ চাষ করছেন। যারা মানছে না কোন নিয়মনীতি। সেদিকে লক্ষ্য রাখতে রেল কর্তৃপক্ষকে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি দেখার অনুরোধ জানান। রেলের লিজকৃত কোন জায়গায় কেউ মাছ চাষ করলে মৎস্য অধিদপ্তরের অনুমতি আছে কি না সে বিষয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়।
ভিক্ষা পুনর্বাসন সম্পর্কে জেলা প্রশাসক বলেন, ভিক্ষা পুনর্বাসন প্রত্যেক উপজেলায় দেওয়া হয়েছে। এ বিষয়ে তালিকা হালনাগাদ করতে হবে। অনেক ভিক্ষুকের শারীরিক অবস্থা যদি ভাল থাকে, তাহলে তাকে ভ্যান বা অন্য কর্মস্থান ব্যবস্থা করে দিতে হবে। যে এলাকায় যে ভিক্ষা করে তাকে পূনর্বাসন করতে হলে স্থানীয়দের জানাতে হবে। তাহলে আর ভিক্ষাবৃত্তির মধ্যে নাম করে যারা প্রতারণা করে সেটা অনুমান করা সম্ভব হবে।
অঞ্জনা খান মজলিশ বলেন, পানি উন্নয়ন বোর্ডের ১০ হাজার জিও ব্যাগ থাকলেও হবে না। আরো মজুদ রাখতে তিনি নির্দেশনা দেন। এছাড়া চাঁদপুরের নদীতে ডুবচর দেখা যাচ্ছে। যার কারণে ইলিশের উৎপাদনে বাঁধা হচ্ছে। তাই ডুবোচরগুলো ড্রেজিং ব্যবস্থাসহ আরো উন্নত করা যায় কিনা সে বিষয়ে পরামর্শ দেন।
পরিশেষে চাঁদপুর জেলা ফায়ার স্টেশন সার্ভিসের উদ্দেশ্য করে তিনি বলেন, অত্যন্ত প্রশংসামূলক কাজ করছে ফায়ার স্টেশন। তাদের সহযোগিতা নিয়ে বিভিন্ন অফিস-আদালতে ছোট পরিসরে হলেও অগ্নি নির্বাপন প্রশিক্ষণ নিতে সবাইকে আহ্বান জানান। আগুন প্রতিরোধে সবাই সচেতন হলে ভয়াবহ দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে বলে জেলা প্রশাসক আশা ব্যক্ত করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেনের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম রেফাত জামিল, সিভিল সার্জন ও চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. মো. সাখাওয়াত উল্লাহ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটওয়ারী, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ কুদ্দুস, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, বিআরডিবি’র উপ-পরিচালক মো. মোকাব্বের হোসেন ভূঁইয়া প্রমুখ।
২০ সেপ্টেম্বর, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- সবাই মিলে চাঁদপুরকে সুন্দর করে গড়ে তুলতে চাই
