সরকারি জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণের হিড়িক

বরদিয়া আড়ং বাজার সংলগ্ন মোবারকদীতে


মেহেদী হাসান সরকার
মতলব-বাবুরহাট সড়কের পাশে অবৈধ স্থাপনা নির্মাণের হিড়িক পড়েছে। মতলব পৌর এলাকায় বরদিয়া আড়ং বাজার সংলগ্ন মোবারকদীতে সরকারি জায়গার উপর অবৈধ স্থাপনা নির্মাণ করেছে ভূমিদস্যু মো. বিল্লাল হোসেন। তার বাবার নাম মো. সিদ্দিকুর রহমান। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ১৮০নং মোবারকদী মৌজার দাগ নং- ৩৪০, শ্রেণি খাল, ১নং খতিয়ানে সরকারি জায়গার উপর দোকানঘর নির্মাণ করেছে। মাসখানেক আগে একই স্থানে পাকা দোকান ঘর নির্মাণ করে একই ব্যক্তি।
বিষয়টি স্থানীয় সচেতন মহল সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে মতলব পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মো. হাবিব উল্লাহ পাটোয়ারী ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে দোকান ঘর নির্মাণে বাধা প্রদান করলেও বিল্লাল হোসেন জোরপূর্বক রাতের অন্ধকারে টিনের ও পাকা দোকান ঘর নির্মাণ করে।
অবৈধভাবে ঘর উত্তোলনকারী বিল্লাল হোসেনের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, আমি সরকারের কাছ থেকে অনুমতি নিয়েই ঘর উত্তোলন করেছি। আমার জায়গায় আমি ঘর উত্তোলন করেছি, তাতে আপনাদের কি?
মতলব পৌর ভূমি অফিসে ভূমি সহকারী কর্মকর্তা মো. হাবিব উল্লাহ পাটোয়ারী জানান, বিষয়টি আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে বিল্লালের বিরুদ্ধে দুইটি উচ্ছেদ মামলা হয়।
মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূসরাত শারমিন জানান, কোন অবস্থাতেই সরকারি জায়গা দখলকারীদের প্রশ্রয় দেয়া হবে না। মোবারকর্দী এলাকায় সরকারি জায়গার উপর অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হয়েছে। বিষয়টি আমি জেনেছি। এ ব্যাপারে উচ্ছেদ মামলা করা হয়েছে। অচিরেই উচ্ছেদ অভিযান চলবে।